বিশ্ববাজারে ফের বাড়ল জ্বালানি তেলের দাম

আন্তর্জাতিক সারাদেশ

আন্তর্জাতিক বাজারে আবারও বেড়েছে জ্বালানি তেলের দাম। তবে ইরান যুদ্ধের উত্তেজনা প্রশমনের সম্ভাবনা তৈরি হওয়ায় চলতি সপ্তাহে বিশ্ববাজারে তেলের দাম প্রায় ১২ শতাংশ কমতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বাজার বিশ্লেষকদের মতে, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের দল নির্বাচনে ক্ষতির মুখে পড়ার পর ইরান যুদ্ধের উত্তেজনা কমতে পারে; এমন প্রত্যাশা তৈরি হয়েছে বিনিয়োগকারীদের মধ্যে। এতে আন্তর্জাতিক বাজারে তেলের দামে নিম্নমুখী চাপ তৈরি হয়েছে। তবে মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে তেল সরবরাহ ব্যাহত হওয়ার আশঙ্কা এখনো বাজারকে প্রভাবিত করছে।

শুক্রবার (৬ নভেম্বর) গ্রিনিচ মান সময় রাত ২টা ২২ মিনিটে আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ক্রুডের জানুয়ারি মাসের ফিউচার মূল্য ব্যারেলপ্রতি ১ দশমিক ৫৭ ডলার বা ১ দশমিক ৬ শতাংশ বেড়ে ৯৯ দশমিক ৮৬ ডলারে দাঁড়িয়েছে।

একই সময়ে যুক্তরাষ্ট্রের বাজারে ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের দাম ব্যারেলপ্রতি ১ দশমিক ১০ ডলার বা ১ দশমিক ২ শতাংশ বেড়ে ৯১ দশমিক ৬২ ডলারে লেনদেন হয়েছে।

বিশ্লেষকরা মনে করেন, ইরান যুদ্ধের ভবিষ্যৎ পরিস্থিতি এবং মধ্যপ্রাচ্য থেকে জ্বালানি সরবরাহের নিরাপত্তা; এই দুই বিষয়ই বর্তমানে আন্তর্জাতিক তেলের বাজারের গতিপথ নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।

ফলে এক দিনের মূল্যবৃদ্ধি সত্ত্বেও চলতি সপ্তাহে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামে বড় ধরনের পতনের সম্ভাবনা রয়েছে।

সূত্র: আল জাজিরা