১৯৯৬ সালের আওয়ামী লীগ-জামায়াতে ইসলামীর এক হওয়ার প্রসঙ্গ টেনে প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন বলেছেন, ৯৬-এর মতো আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী দেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে।
রোববার (৮ নভেম্বর) বিকেলে ঝিনাইদহের কালীগঞ্জে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস পালন শেষে সাংবাদিকদের এ কথা বলেন তিনি।
রাশেদ খাঁন বলেন, প্রধানমন্ত্রী যে সময় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন সেসময় দেশের স্বাধীনতা এবং সার্বভৌমত্বের বিরুদ্ধে চক্রান্ত করা হচ্ছে। এই চক্রান্ত দিল্লিতে বসে শেখ হাসিনা শুরু করেছে এবং বাংলাদেশে বসে এই চক্রান্তের সাথে যুক্ত হয়েছে সেই স্বাধীনতা বিরোধী শক্তি জামায়াত ইসলাম। সুতরাং প্রধানমন্ত্রীর যে স্বপ্ন, তিনি যে পরিকল্পনা হাতে নিয়েছেন সেই পরিকল্পনা বাস্তবায়নে আমাদের সবাইকে তার পাশে থেকে কাজ করতে হবে।
তিনি বলেন, আজকে আমরা লক্ষ্য করছি, তিনি যে পরিকল্পনাগুলো হাতে নিয়েছেন- ফ্যামিলি কার্ড, কৃষি কার্ড, কৃষকদের ঋণ মওকুফ করা, বৃক্ষরোপণ কর্মসূচি, খাল খনন, নদী খনন কর্মসূচি। এই কর্মসূচিগুলো যে সময় তিনি বাস্তবায়নের পথে এবং বিশেষ করে জুলাই জাতীয় সনদ; যে সনদে বিএনপির পক্ষ থেকে স্বাক্ষর করা হয়েছিল। সেই সনদ যে সময় বিএনপি সরকার ধাপে ধাপে বাস্তবায়ন করছে, তখন সেই স্বাধীনতা বিরোধীচক্র এবং যারা এই ২৪শে জুলাই জনগণকে গুলি চালিয়ে অনেক মানুষকে হত্যা করেছিল।
রাশেদ খাঁন বলেন, জনগণের উপরে যারা গুম খুন ক্রসফায়ার চালিয়েছে সেই চক্র দেখলাম এখন এক হয়েছে। অর্থাৎ সেই ৯৬ এর মতো আওয়ামী লীগ এবং জামায়াত ইসলাম দেশের বিরুদ্ধে, সার্বভৌমত্বের বিরুদ্ধে, স্বাধীনতার বিরুদ্ধে চক্রান্ত শুরু করেছে। সুতরাং আমি মনে করি, বাংলাদেশের জনগণকে আওয়ামী অপশক্তি এবং সেই স্বাধীনতাবিরোধী শক্তি জামায়াত ইসলামের বিরুদ্ধে একতাবদ্ধ হয়ে লড়াই করতে হবে ।
এর আগে বিকেলে কালীগঞ্জ উপজেলা শহরের মোবারক আলী মাধ্যমিক বিদ্যালয় মাঠে জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উদযাপন উপলক্ষ্যে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন। পরে সেখান থেকে বের হওয়া র্যালির নেতৃত্ব দেন তিনি।

