রাজধানী ঢাকায় সকাল থেকেই আকাশ মেঘলা। বৃহস্পতিবার ভোর থেকে শুরু হয়েছে গুঁড়ি গুঁড়ি বৃষ্টি। বৃষ্টির প্রভাবে সকাল থেকেই আবহাওয়ায় অনুভূত হচ্ছে শীতের আমেজ।
আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, দুপুর পর্যন্ত ঢাকা ও আশপাশের এলাকায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে দিনের তাপমাত্রা ১ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে পরবর্তী ৬ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এসব তথ্য জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
পূর্বাভাসে বলা হয়েছে, ঢাকা ও পার্শ্ববর্তী এলাকার আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে। এ সময় কোথাও কোথাও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টির কারণে দিনের তাপমাত্রা উল্লেখযোগ্যভাবে কমে যেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বৃহস্পতিবার সকাল ৬টায় রাজধানীতে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২১ ডিগ্রি সেলসিয়াস। দিনের বাকি সময়ে তাপমাত্রা আরও কমতে পারে।
এদিকে শুধু ঢাকা নয়, দেশের বিভিন্ন স্থানেও বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
আবহাওয়ার এমন পরিস্থিতিতে রাজধানীসহ দেশের বিভিন্ন অঞ্চলে দিনের আবহাওয়ায় শীতের অনুভূতি বাড়তে পারে।

