জয়পুরহাটের আক্কেলপুরে নিজ বাড়িতে অভিযান চালিয়ে কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আবু হাসনাত হিমেলকে গ্রেপ্তার করেছে পুলিশ। নাশকতার মামলায় বুধবার রাতে তাকে গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুরে আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মেহেদী মাসুদ গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১৮ নভেম্বর) রাত ৮টার দিকে উপজেলার রুকিন্দীপুর ইউনিয়নের রোয়াইড় গ্রামে হিমেলের নিজ বাড়িতে অভিযান চালায় পুলিশ। এ সময় বাড়িতে অবস্থানরত আবু হাসনাত হিমেলকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে থানায় নেওয়া হয়।
গ্রেপ্তার আবু হাসনাত হিমেল (৩৩) আক্কেলপুর উপজেলার রোয়াইড় গ্রামের মাহাবুব আলম সরদারের ছেলে। তিনি ২০১৯ সালে বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেন।
আক্কেলপুর থানার ওসি মেহেদী মাসুদ জানান, কার্যক্রম নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় নেতা আবু হাসনাত হিমেলকে নাশকতার মামলায় গ্রেপ্তার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে।

