পোশাকশ্রমিকদের বেতন বাড়বে সর্বনিম্ন ২ হাজার, কারও ৭ হাজার টাকা : বাবুল আখতার

অর্থনীতি ও বিনিয়োগ রাজধানী সারাদেশ

পোশাকশ্রমিকদের নতুন মজুরি কাঠামোতে কারও বেতন বৃদ্ধি দুই হাজার টাকার কম হবে না। কোনো কোনো শ্রমিকের বেতন পাঁচ থেকে সাত হাজার টাকা পর্যন্ত বাড়তে পারে বলে জানিয়েছেন নিম্নতম মজুরি বোর্ডের শ্রমিকপক্ষের প্রতিনিধি ও শ্রমিক নেতা বাবুল আখতার।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) রাজধানীর বিজয়নগরে শ্রম ভবনে পোশাকশ্রমিকদের নিম্নতম মজুরি নিয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বাবুল আখতার বলেন, মজুরি বোর্ডের সিদ্ধান্ত সম্পর্কে এখনো অনেক শ্রমিক সঠিকভাবে জানতে পারেননি। এ কারণে শ্রমিকদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা যাচ্ছে। ঘোষিত মজুরি কাঠামো সম্পর্কে শ্রমিকদের কাছে সঠিক তথ্য পৌঁছে দেওয়া প্রয়োজন।

তিনি বলেন, যেসব এলাকায় শ্রমিক আন্দোলন এখনো কমেনি, সেখানে রাজনৈতিক বিবেচনা ও বাইরে থেকে উসকানির বিষয়টি রয়েছে। পাশাপাশি অনেক কারখানায় মালিক-শ্রমিকের মধ্যে সুসম্পর্কের অভাব, মালিকপক্ষের পক্ষ থেকে প্রয়োজনীয় বার্তা না পৌঁছানো এবং ব্যবস্থাপনাগত সমস্যার কারণেও শ্রম অসন্তোষ দেখা দিচ্ছে।

শ্রমিক নেতা জানান, আশুলিয়া এলাকায় শ্রমিক আন্দোলন অনেকটাই কমে এসেছে। তবে কিছু কারখানায় এখনো অসন্তোষ চলছে। মজুরি বোর্ডের সভা আবার হবে এবং নতুন করে মজুরি নির্ধারণ করা হবে—এমন নানা গুজব ফেসবুকসহ বিভিন্ন মাধ্যমে ছড়ানো হচ্ছে। এসব গুজবের কারণেও কিছু কারখানায় আন্দোলন অব্যাহত রয়েছে।

এ সময় আন্দোলনরত শ্রমিকদের কাজে ফিরে যাওয়ার আহ্বান জানান বাবুল আখতার। পাশাপাশি শ্রমিকদের আন্দোলনে উসকানি বন্ধেরও তাগিদ দেন তিনি।

মজুরি বোর্ডের সিদ্ধান্তের বিষয়ে তিনি বলেন, কিছু শ্রমিক সংগঠন নেতিবাচক প্রতিক্রিয়া জানালেও দেশি-বিদেশি বিভিন্ন পক্ষ ও দূতাবাস থেকে এ সিদ্ধান্তকে স্বাগত জানানো হয়েছে।

তিনি আরও বলেন, আগে পাঁচ বছর পরপর মজুরি নির্ধারণ করা হলেও এবার তিন বছর পর নতুন মজুরি নির্ধারণ করা হয়েছে। তবে প্রতিবছর মজুরি পর্যালোচনা ও নির্ধারণের জন্য বিকল্প কোনো ব্যবস্থা চালু করা যায় কি না, তা বিবেচনা করা প্রয়োজন।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন শ্রম ও কর্মসংস্থানমন্ত্রী আরিফুল হক চৌধুরী, প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ও প্রধানমন্ত্রীর শ্রম ও কর্মসংস্থানবিষয়ক উপদেষ্টা মাহদী আমিন, শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাস, নিম্নতম মজুরি বোর্ডের চেয়ারম্যান সৈয়দ আজাদ সুবহানী, মজুরি বোর্ডের মালিকপক্ষের প্রতিনিধি এ বি এম সামছুদ্দিন মাহমুদ, বিজিএমইএ সভাপতি মাহমুদ হাসান খান এবং বিকেএমইএর নির্বাহী সভাপতি ফজলে শামীম এহসানসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা।