যশোরে ডিহি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক গ্রেপ্তার

আইন ও আদালত রাজনীতি সারাদেশ

যশোরের শার্শায় পুলিশের বিশেষ অভিযানে কার্যক্রম নিষিদ্ধ যুবলীগের ডিহি ইউনিয়ন শাখার সাধারণ সম্পাদক মো. মোস্তাফিজুর রহমান পলাশকে (৪৫) গ্রেপ্তার করা হয়েছে।

বুধবার (২৫ নভেম্বর) রাতে উপজেলার তেবাড়িয়া এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে শার্শা থানা পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামিনুল হক।

পুলিশ সূত্রে জানা গেছে, গ্রেপ্তার মোস্তাফিজুর রহমান পলাশ তেবাড়িয়া গ্রামের মৃত মোশারফ হোসেনের ছেলে। তিনি শার্শা উপজেলার ডিহি ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক।

শার্শা থানা পুলিশ জানায়, থানার উপপরিদর্শক (এসআই) শেখ মো. জাহিদুল আলমের নেতৃত্বে পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। এ সময় শার্শা থানায় দায়ের করা একটি মামলার আসামি হিসেবে পলাশকে গ্রেপ্তার করা হয়।

পুলিশের তথ্যমতে, মামলাটি বিশেষ ক্ষমতা আইন, ১৯৭৪-এর ১৫(৩)/২৫ডি ধারা এবং বিস্ফোরকদ্রব্য আইন, ১৯০৮-এর ৩/৪/৬ ধারায় করা হয়েছে।

শার্শা থানার ওসি শামিনুল হক জানান, গ্রেপ্তার আসামিকে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) পুলিশ প্রহরায় আদালতে পাঠানো হয়েছে। শার্শা সীমান্ত ও থানা এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। অপরাধ দমনে পুলিশের বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।