হরমুজ থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত নিয়ন্ত্রণের দাবি ইরানের

আন্তর্জাতিক সারাদেশ

যুক্তরাষ্ট্রের সঙ্গে সমুদ্রপথে উত্তেজনা বাড়ার মধ্যে হরমুজ প্রণালির পূর্বাঞ্চল থেকে উত্তর ভারত মহাসাগর পর্যন্ত বিস্তীর্ণ জলসীমায় নিজেদের নিয়ন্ত্রণ ও নজরদারি বজায় রাখার দাবি করেছে ইরান।

দেশটির দাবি, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথ ও আশপাশের এলাকায় নিয়মিত টহল দিচ্ছে তাদের নৌবাহিনী।

ইরানের নৌবাহিনী দিবস উপলক্ষে সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ তথ্য জানান দেশটির সামরিক বাহিনীর মুখপাত্র মোহাম্মদ আকরামিনিয়া।

তার এই বক্তব্য এমন এক সময়ে এসেছে, যখন ইরানের ওপর যুক্তরাষ্ট্রের নৌ অবরোধকে কেন্দ্র করে দুই দেশের মধ্যে উত্তেজনা ক্রমেই বাড়ছে।

এর আগে যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) দাবি করে, ওমান উপসাগরে একটি বাণিজ্যিক জাহাজকে অকার্যকর করে দিয়েছে তাদের বাহিনী। ওয়াশিংটনের ভাষ্য, জাহাজটি ইরানের ওপর আরোপিত নৌ অবরোধ এড়িয়ে যাওয়ার চেষ্টা করছিল।

অন্যদিকে, ইরানের ইসলামিক রেভল্যুশনারি গার্ড কর্পস (আইআরজিসি) জানিয়েছে, চলতি সপ্তাহের শুরুতে ওমানের খাসাব বন্দরের কাছে দুটি তেলবাহী জাহাজ নৌমাইনে আঘাত হেনেছে।

এদিকে, দুই দেশের পাল্টাপাল্টি অবস্থান ও সামরিক উত্তেজনার প্রভাব পড়েছে হরমুজ প্রণালিতে জাহাজ চলাচলেও। বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনা এবং যুক্তরাষ্ট্রের নৌ অবরোধের কারণে গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথে পণ্য পরিবহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ জ্বালানি পরিবহণ রুট হরমুজ প্রণালিতে অস্থিরতা দীর্ঘায়িত হলে আন্তর্জাতিক নৌ-বাণিজ্য ও বৈশ্বিক জ্বালানি সরবরাহে বড় ধরনের প্রভাব পড়ার আশঙ্কা রয়েছে।

তথ্যসূত্র: আল জাজিরা