সাতকানিয়ায় ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা আরিফ উদ্দিন গ্রেপ্তার

আইন ও আদালত সারাদেশ

চট্টগ্রামের সাতকানিয়ায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সহসম্পাদক মোহাম্মদ আরিফ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

এলাকায় ঝটিকা মিছিল বের করে বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির চেষ্টার অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়।

শুক্রবার (২৭ নভেম্বর) উপজেলার ডলু সেতুর পশ্চিম পাশের এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

শনিবার (২৮ নভেম্বর) বিষয়টি নিশ্চিত করেন সাতকানিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল আলীম।

গ্রেপ্তার আরিফ উদ্দিন চৌধুরী সাতকানিয়া উপজেলার সদর ইউনিয়নের দক্ষিণ রূপকানিয়া নবীনপাড়া এলাকার মোহাম্মদ নাছির চৌধুরীর ছেলে।

পুলিশ জানায়, সম্প্রতি সাতকানিয়া এলাকায় নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের একটি ঝটিকা মিছিল বের হয়। ওই মিছিলে নেতৃত্ব দেন আরিফ উদ্দিন চৌধুরী। সরকারবিরোধী তৎপরতা চালানোর পাশাপাশি এলাকায় বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির অভিযোগে তাকে গ্রেপ্তারে অভিযান চালায় সাতকানিয়া থানা-পুলিশ।

সাতকানিয়া থানার ওসি মো. আব্দুল আলীম বলেন, নিষিদ্ধ সংগঠনের ব্যানারে মিছিল বের করে এলাকায় বিশৃঙ্খলা ও সহিংসতা সৃষ্টির চেষ্টার অভিযোগে আরিফ উদ্দিন চৌধুরীকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার সকালে তাকে আদালতে সোপর্দ করা হবে।