দীর্ঘদিন প্রতীক্ষার অবসান ঘটিয়ে আজ উদ্বোধন হতে যাচ্ছে ঢাকা-পাবনা সরাসরি আন্তঃনগর ট্রেন সার্ভিস। নতুন কোচ দিয়ে চালু হওয়া এ রেল যোগাযোগের ফলে রাজধানীর সঙ্গে সরাসরি যাতায়াতের সুযোগ হবে পাবনাবাসীর।
এতে দীর্ঘদিনের যাতায়াত ভোগান্তি কমার পাশাপাশি রেল যোগাযোগে নতুন মাত্রা যুক্ত হবে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) আনুষ্ঠানিকভাবে এ ট্রেন সার্ভিসের উদ্বোধন করবেন বলে যানান রেলমন্ত্রী শেখ রবিউল আলম। আগামীকাল ২০ নভেম্বর থেকে শুরু হবে নিয়মিত চলাচল।
রেলপথ মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা রেজাউল করিম সিদ্দিকীর পাঠানো সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ বিকেল সাড়ে ৪টায় ‘পাবনা উদ্বোধনী এক্সপ্রেস’ নামে ট্রেনটি পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ, রেলপথ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আলী আসগর এবং পাবনা-৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. শামসুর রহমান শিমুল বিশ্বাসসহ স্থানীয় নেতারা।
নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ‘পাবনা গোধূলি এক্সপ্রেস’ ঢাকা থেকে বিকেল ৩টা ২৫ মিনিটে পাবনার উদ্দেশে ছেড়ে যাবে। অন্যদিকে ‘পাবনা প্রভাতী এক্সপ্রেস’ প্রতিদিন সকাল ৮টায় পাবনা থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করবে।
ঢাকা-পাবনা-ঢাকা রুটে চলাচলের পথে ট্রেন দুটি ঈশ্বরদী, চাটমোহর, বড়ালব্রিজ, উল্লাপাড়া, শহীদ এম এ মনসুর আলী, টাঙ্গাইল, জয়দেবপুর ও ঢাকা বিমানবন্দর স্টেশনে যাত্রাবিরতি দেবে।
এ রেল যোগাযোগ চালু হওয়ায় পাবনাবাসীর দীর্ঘদিনের দাবি পূরণ হবে। রাজধানীর সঙ্গে সরাসরি রেল যোগাযোগ প্রতিষ্ঠার পাশাপাশি যাত্রীদের যাতায়াত আরও সহজ, নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় হবে বলে আশা করা হচ্ছে।
এ বিষয়ে রেলপথ মন্ত্রণালয়ের সচিব মো. ফাহিমুল ইসলাম বলেন, ‘আমরা অনেক আগেই জোড়াতালি দিয়ে ঢাকা-পাবনা ট্রেন চালু করতে পারতাম। কিন্তু পাবনাবাসীর আবেগের প্রতি শ্রদ্ধা রেখে আমরা চেয়েছি সম্পূর্ণ নতুন কোচ দিয়ে এই রুটে ট্রেন চালু করতে।’
তিনি আরও বলেন, ‘প্রধানমন্ত্রীর সম্মতিতে সেটি বাস্তবায়িত হওয়ায় আমরাও আনন্দিত।’

