হাসিনার ফেরা ঠেকাতে বিএনপির বড় সিদ্ধান্ত

রাজনীতি সারাদেশ

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে ঘিরে রাজনৈতিক অঙ্গনে তৈরি হওয়া আলোচনা এবং আওয়ামী লীগের সম্ভাব্য তৎপরতা মোকাবিলায় সাংগঠনিকভাবে রাজপথে সক্রিয় থাকার প্রস্তুতি নিচ্ছে দলটি।

এ লক্ষ্যে কেন্দ্র থেকে তৃণমূল পর্যন্ত বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঠে থাকার নির্দেশনা দিয়েছেন দলীয় হাইকমান্ড।

দলীয় সূত্র জানায়, প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থেকে রাজনৈতিক ও সাংগঠনিকভাবে পরিস্থিতি মোকাবিলার নির্দেশ দিয়েছেন। তবে কোনো অবস্থাতেই আইন নিজের হাতে তুলে না নেওয়ার বিষয়ে সতর্ক করা হয়েছে। জনগণকে সঙ্গে নিয়ে শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে যেকোনো ষড়যন্ত্র বা নাশকতার অপচেষ্টা মোকাবিলা করতে চায় দলটি।

গত ৯ নভেম্বর জাতীয় সংসদে বিএনপির সংসদীয় দলের সভায় দলীয় সংসদ সদস্যদের উদ্দেশে তারেক রহমান বলেন, ‘আমরা রাজপথে আছি, রাজপথে আমাদের থাকতে হবে, রাজপথেই সব ষড়যন্ত্রের মোকাবিলা করতে হবে।’ বিভিন্ন বক্তব্যেও তিনি নেতাকর্মীদের উসকানিতে পা না দিয়ে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়েছেন।

ডিসেম্বরের মধ্যে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা চলছে। তবে তিনি কবে বা কীভাবে দেশে ফিরবেন, তা এখনো অনিশ্চিত। বিএনপির নেতাদের আশঙ্কা, দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীরা রাজনৈতিকভাবে সক্রিয় হওয়ার চেষ্টা করতে পারেন। সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন স্থানে ককটেল বিস্ফোরণ, যানবাহনে অগ্নিসংযোগসহ সহিংস ঘটনার প্রেক্ষাপটে বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখছে দলটি।

এদিকে সরকারও শেখ হাসিনার প্রত্যাবর্তনের বিষয়ে নিজেদের অবস্থান জানিয়েছে। গত ৯ নভেম্বর সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, শেখ হাসিনা দেশে ফিরতে চাইলে বাংলাদেশ-ভারত প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। ১৭ নভেম্বর বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও বিদ্যুৎমন্ত্রী ইকবাল হাসান মাহমুদও জানান, প্রত্যর্পণ চুক্তির প্রক্রিয়া ছাড়া তাকে দেশে ফিরিয়ে আনার সুযোগ নেই।

বিএনপির কেন্দ্রীয় নেতাদের ধারণা, ডিসেম্বর মাসে শেখ হাসিনার দেশে ফেরার সম্ভাবনা কম। তবে ভারতে অবস্থান করে রাজনৈতিক তৎপরতা ও ষড়যন্ত্র চালানোর চেষ্টা হতে পারে। এ পরিস্থিতিতে জনগণের জানমালের নিরাপত্তা বিবেচনায় রেখে দলীয় নেতাকর্মীদের সতর্ক ও সক্রিয় থাকার নির্দেশনা দেওয়া হয়েছে।

ডিসেম্বরের কর্মসূচি সামনে রেখে গত ১৫ নভেম্বর দলের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন তারেক রহমান। জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত প্রায় দুই ঘণ্টার ওই বৈঠকে বিএনপি, ছাত্রদল, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতারা অংশ নেন। বৈঠকে ডিসেম্বরজুড়ে পৃথক কর্মসূচি নিয়ে মাঠে থাকার নির্দেশনা দেওয়া হয়। বিএনপিপন্থি পেশাজীবী সংগঠনগুলোকেও নিজস্ব কর্মসূচি গ্রহণের তাগিদ দেওয়া হয়েছে।

দলীয় সূত্রে জানা গেছে, কর্মসূচির মধ্যে বিক্ষোভ সমাবেশ, শোভাযাত্রা, অবস্থান কর্মসূচি ও সাংস্কৃতিক আয়োজন থাকবে। কেন্দ্রীয় বিএনপির পাশাপাশি অঙ্গ ও সহযোগী সংগঠনগুলোও পৃথক কর্মসূচি পালন করবে। ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিকেও এ বিষয়ে প্রস্তুতি নিতে বলা হয়েছে।

বিজয় দিবস উপলক্ষ্যে ডিসেম্বরের শুরু থেকেই সাংগঠনিক তৎপরতা বাড়ানোর পরিকল্পনা রয়েছে বিএনপির। প্রাথমিক পরিকল্পনা অনুযায়ী, ‘সবার আগে বাংলাদেশ ফাউন্ডেশন’-এর ব্যানারে চারটি বিভাগে কনসার্ট আয়োজনের উদ্যোগ নেওয়া হয়েছে। পরিকল্পনা অনুযায়ী, ১৬ ডিসেম্বর ঢাকায়, ১৭ ডিসেম্বর চট্টগ্রামে, ১৮ ডিসেম্বর বগুড়ায় এবং ১৯ ডিসেম্বর খুলনায় এসব আয়োজন হতে পারে। এর মাধ্যমে মুক্তিযুদ্ধের চেতনা, জাতীয়তাবাদ ও দেশের সার্বভৌমত্বের প্রশ্নে নিজেদের অবস্থান তুলে ধরতে চায় দলটি।

এছাড়া ২৫ ডিসেম্বর তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তনের এক বছর পূর্ণ হবে। দীর্ঘ ১৭ বছরের নির্বাসিত জীবন শেষে ২০২৫ সালের এই দিনে তিনি লন্ডন থেকে দেশে ফেরেন। দিনটি উপলক্ষ্যে নেতাকর্মীদের ব্যাপক উপস্থিতিতে কর্মসূচি পালনের পরিকল্পনা রয়েছে বিএনপির।

অন্যদিকে, ২০২৫ সালের ৩০ ডিসেম্বর বিএনপির প্রয়াত চেয়ারপারসন খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী। এ উপলক্ষ্যে ২৮ ডিসেম্বর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় নাগরিক সমাজের উদ্যোগে স্মরণসভার আয়োজনের পরিকল্পনা রয়েছে। একই সঙ্গে বিএনপিও বড় পরিসরে স্মরণসভা ও দোয়া কর্মসূচি পালনের প্রস্তুতি নিচ্ছে।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, দলটির নেতাকর্মীরা সবসময় রাজপথে সক্রিয় রয়েছেন। রাজনৈতিক অধিকারের নামে সন্ত্রাস, অস্ত্রের মহড়া, ভাঙচুর, অগ্নিসংযোগ কিংবা জনজীবনে অশান্তি সৃষ্টির কোনো সুযোগ নেই। ডিসেম্বর বিজয়ের মাস হওয়ায় মাসজুড়েই কর্মসূচি থাকবে। একই সঙ্গে খালেদা জিয়ার প্রথম মৃত্যুবার্ষিকী ঘিরেও বিভিন্ন আয়োজন করা হবে।

বিএনপির কুমিল্লা বিভাগীয় সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ সেলিম ভূঁইয়া জানান, ডিসেম্বরজুড়ে বিজয় দিবসকেন্দ্রিক কর্মসূচি পালনের প্রস্তুতি রয়েছে। এ সময়ে কেউ নাশকতার চেষ্টা করলে তা প্রতিহত করা হবে।

ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির সদস্য সচিব তানভীর আহমেদ রবিন বলেন, মহানগরের বিভিন্ন এলাকায় নিয়মিত সাংগঠনিক কার্যক্রম চলছে। ডিসেম্বরের কর্মসূচি ঘিরেও প্রস্তুতি নেওয়া হচ্ছে। কেউ বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে জনগণকে সঙ্গে নিয়ে তা মোকাবিলা করা হবে।

জাতীয়তাবাদী যুবদলের সভাপতি আব্দুল মোনায়েম মুন্নাও জানান, নেতাকর্মীরা সবসময় রাজনৈতিক মাঠে সক্রিয় রয়েছেন। জনগণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে সাংগঠনিক কার্যক্রম অব্যাহত থাকবে। ডিসেম্বরকে সামনে রেখে রাজনৈতিক ও সামাজিক তৎপরতা আরও জোরদার করা হবে।

এদিকে সংসদে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, পতিত ফ্যাসিবাদী শক্তি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ একসময় ‘টুঙ্গিপাড়া লিমিটেড’ হয়ে যাবে। তবে আওয়ামী লীগের মতো ফ্যাসিবাদী আচরণ বর্তমান সরকার করবে না। অপরাধীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে কোনো নিরপরাধ মানুষ যেন ক্ষতিগ্রস্ত না হন, সরকার সে বিষয়ে সতর্ক রয়েছে বলে জানান তিনি।

সব মিলিয়ে ডিসেম্বরকে কেন্দ্র করে রাজনৈতিক মাঠে নিজেদের সাংগঠনিক অবস্থান আরও জোরালো করতে চায় বিএনপি। দলটির লক্ষ্য, নিয়মিত রাজনৈতিক কর্মসূচির পাশাপাশি জনসম্পৃক্ততা বাড়ানো এবং যেকোনো অস্থিতিশীল পরিস্থিতি শান্তিপূর্ণ ও গণতান্ত্রিক উপায়ে মোকাবিলায় প্রস্তুত থাকা।