কেরানীগঞ্জে পরিবেশ অধিদপ্তরের অভিযান, বন্ধ ১০ ডাইং কারখানা

অপরাধ কেরানীগঞ্জ সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জের আগানগর এলাকায় পরিবেশ দূষণবিরোধী অভিযান পরিচালনা করেছে পরিবেশ অধিদপ্তর। অভিযানে ১০টি ডাইং ও ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে। সোমবার (২ নভেম্বর) হাজী আব্দুল বারেক রোড এলাকায় পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয় ও সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের যৌথ উদ্যোগে এ অভিযান পরিচালনা করা হয়।

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ এবং পরিবেশ সংরক্ষণে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে পরিচালিত এ অভিযানে আগানগর এলাকার ১০টি ডাইং ও ওয়াশিং কারখানার বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়। অভিযানের আওতায় সঞ্জু ডাইং ও ওয়াশিং, সালমুন ওয়াশিং, সায়মা ওয়াশিং, রব ওয়াশিং, ইউনিক ওয়াশিং, নুর ডাইং-১, নুর ডাইং-২, নুর ডাইং-৩, বিসমিল্লাহ ওয়াশ এবং রীমা ওয়াশিং কারখানার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। একই সঙ্গে কারখানাগুলোর কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়।

পরিবেশ অধিদপ্তরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সাদিয়া আক্তারের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করেন ঢাকা জেলা কার্যালয়ের পরিদর্শক মোঃ হাবিবুর রহমান।

অভিযানে উপস্থিত থেকে সার্বিক নির্দেশনা প্রদান করেন পরিবেশ অধিদপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের পরিচালক মাহবুব জামিল এবং উপপরিচালক মোঃ সৈয়দ আহমেদ কবির। এ ছাড়া উপস্থিত ছিলেন পরিবেশ অধিদপ্তরের ঢাকা জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ ইলিয়াস মাহমুদ।

মোবাইল কোর্ট পরিচালনায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করেন। অভিযানে নৌবাহিনী, নৌ-পুলিশ, কোস্টগার্ড এবং কেরানীগঞ্জ থানা পুলিশের সদস্যরা উপস্থিত ছিলেন।

পরিবেশ দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে পরিবেশ অধিদপ্তরের পক্ষ থেকে জানানো হয়েছে।

পরিবেশ অধিদপ্তরের এ অভিযানকে পরিবেশ দূষণ রোধে কার্যকর পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। বিশেষ করে শিল্পকারখানার কার্যক্রমের মাধ্যমে পরিবেশের ক্ষতি প্রতিরোধ এবং পরিবেশ সংরক্ষণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের তৎপরতা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।