৬৯ দিন ওসিশূন্য দক্ষিণ কেরানীগঞ্জ থানা

আইন ও আদালত কেরানীগঞ্জ সারাদেশ

প্রতিবেদকঃ আল ইমরান রাফি

ঢাকা জেলার গুরুত্বপূর্ণ ও জনবহুল এলাকা দক্ষিণ কেরানীগঞ্জ। দেশের দক্ষিণাঞ্চলের সঙ্গে রাজধানীর যোগাযোগের অন্যতম প্রধান সড়ক ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের একটি গুরুত্বপূর্ণ অংশও রয়েছে দক্ষিণ কেরানীগঞ্জ থানার সামনে দিয়ে। প্রতিদিন বিপুলসংখ্যক মানুষ এ সড়ক দিয়ে চলাচল করেন। পাশাপাশি স্থানীয় বাসিন্দাদের বিভিন্ন অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি), পুলিশ ক্লিয়ারেন্সসহ নানা প্রয়োজনে যেতে হয় দক্ষিণ কেরানীগঞ্জ থানায়। তবে ৬৯ দিন যাবত ওসিশুন্য দক্ষিন কেরানীগঞ্জ থানা।

গত ২৮ জুলাই দক্ষিণ কেরানীগঞ্জ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলমকে সাভার থানায় বদলি করার পর থেকে থানাটিতে ওসি পদটি শূন্য রয়েছে। ৪ অক্টোবর পর্যন্ত টানা ৬৯ দিন ধরে গুরুত্বপূর্ণ এই থানায় পূর্ণাঙ্গ ভারপ্রাপ্ত কর্মকর্তা না থাকায় নাগরিক সেবা নিয়ে ভোগান্তির অভিযোগ উঠেছে।

এদিকে দক্ষিণ কেরানীগঞ্জের বিভিন্ন এলাকায় ছিনতাই, ডাকাতিসহ নানা অপরাধের ঘটনাও বাড়ছে। সামনে শীত মৌসুম। কুয়াশার কারণে এ সময় ছিনতাই ও ডাকাতির ঝুঁকি বাড়তে পারে বলে আশঙ্কা করছেন স্থানীয়রা। ফলে গুরুত্বপূর্ণ এ থানায় দ্রুত পূর্ণাঙ্গ ওসি পদায়নের দাবি জানিয়েছেন তারা।

স্থানীয়দের অভিযোগ, থানায় অভিযোগ নিয়ে গেলে অনেক ক্ষেত্রে প্রত্যাশিত সেবা পাওয়া যাচ্ছে না। এমনকি সাধারণ ডায়েরি (জিডি) করতেও আবেদনপত্র বাইরে থেকে লিখিয়ে নিয়ে আসতে বলা হচ্ছে। এতে প্রতিটি আবেদনের জন্য ২০০ থেকে ৩০০ টাকা পর্যন্ত অতিরিক্ত খরচ করতে হচ্ছে বলে অভিযোগ করেছেন সেবাগ্রহীতারা।

নাম প্রকাশ না করার শর্তে এক ভুক্তভোগী বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানায় অভিযোগ করতে গেলে প্রায়ই বাইরে থেকে লিখিয়ে নিয়ে আসতে বলা হয়। সরকারি সেবা নিতে গিয়ে এভাবে অতিরিক্ত টাকা খরচ করা সাধারণ মানুষের জন্য ভোগান্তির। ওসি না থাকায় থানার সার্বিক পুলিশি কার্যক্রম ও নাগরিক সেবা নিয়েও প্রশ্ন তুলেছেন স্থানীয়দের কেউ কেউ।

দক্ষিণ কেরানীগঞ্জ থানায় ৬৯ দিনেও ওসি পদায়ন না হওয়ার বিষয়ে জানতে চাইলে ঢাকা জেলা পুলিশের দক্ষিণ অঞ্চলের দায়িত্বে থাকা অতিরিক্ত পুলিশ সুপার তারিকুল ইসলাম কেরানীগঞ্জের আলো’কে বলেন, দক্ষিণ কেরানীগঞ্জ থানা ঢাকা জেলার একটি গুরুত্বপূর্ণ থানা। সাবেক ওসি সাইফুল আলমকে বদলির পর থেকে পদটি শূন্য রয়েছে। ঢাকা জেলা পুলিশ গুরুত্বপূর্ণ এই থানার জন্য একজন যোগ্য ওসি খুঁজছে। খুব দ্রুত কাউকে দায়িত্ব দেওয়া হতে পারে। 

স্থানীয়দের প্রত্যাশা, দ্রুত একজন পূর্ণাঙ্গ ভারপ্রাপ্ত কর্মকর্তা পদায়নের মাধ্যমে দক্ষিণ কেরানীগঞ্জ থানার আইনশৃঙ্খলা পরিস্থিতি ও নাগরিক সেবা আরও কার্যকর করা হবে।