কারাগারের ফটকে সন্তানের লাশ দেখে শেষ বিদায় জানালেন যুব মহিলা লীগ নেত্রী

আইন ও আদালত সারাদেশ

কারাগারে বন্দি থাকায় সন্তানের মৃত্যুর পরও প্যারোলে মুক্তি পাননি যুব মহিলা লীগ নেত্রী শারমিন সুলতানা শর্মী। তবে কারা কর্তৃপক্ষের বিশেষ ব্যবস্থায় কারাফটকে শেষবারের মতো ছেলের মরদেহ দেখার সুযোগ পেয়েছেন তিনি। এ সময় মা-সন্তানের শেষ সাক্ষাতের দৃশ্য আবেগঘন পরিবেশের সৃষ্টি করে।

শনিবার (২৮ নভেম্বর) দুপুরে গাজীপুরের কাশিমপুর হাইসিকিউরিটি কেন্দ্রীয় মহিলা কারাগারের ফটকে নিয়ে আসা হয় শর্মীর ১৫ বছর বয়সী ছেলে নিসর্গ হোসেন তুর্যের মরদেহ। সেখানে বন্দি মা শেষবারের মতো ছেলেকে দেখেন। পরে দাফনের জন্য মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়।

পরিবার ও কারাগার সূত্রে জানা গেছে, গত ৩ অক্টোবর রাজধানীর লালবাগের শেখ সাহেব বাজার এলাকা থেকে সন্ত্রাসবিরোধী আইনের একটি মামলায় শারমিন সুলতানা শর্মীকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। এরপর থেকে তিনি কারাগারে বন্দি রয়েছেন।

এর মধ্যে শুক্রবার (২৭ নভেম্বর) রাত ১০টার দিকে আকস্মিক মৃত্যু হয় তার বড় ছেলে নিসর্গ হোসেন তুর্যের।

পরিবার সূত্রে জানা যায়, তুর্য শারীরিকভাবে অসুস্থ ছিল। শুক্রবার রাত সাড়ে ৯টার দিকে সে শৌচাগারে যায়। দীর্ঘ সময় পার হলেও বের না হওয়ায় পরিবারের সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন। সেখানে তাকে নিথর অবস্থায় পড়ে থাকতে দেখেন তারা। পরে তার মৃত্যু নিশ্চিত করা হয়। এরপর ফ্রিজিং অ্যাম্বুলেন্সে করে মরদেহ নিয়ে আসা হয় কাশিমপুর মহিলা কারাগারের ফটকে।

সন্তানের মৃত্যুর খবর পেয়ে কারাগারের ভেতরে ভেঙে পড়েন শর্মী। পরিবারের পক্ষ থেকে মায়ের সঙ্গে ছেলের শেষ সাক্ষাতের ব্যবস্থা করার আবেদন জানানো হয়। পরে মানবিক দিক বিবেচনা করে কারা কর্তৃপক্ষ বিশেষ ব্যবস্থায় তাকে সন্তানের মরদেহ দেখার সুযোগ দেয়। সাক্ষাৎ শেষে তাকে আবার কারাগারের ভেতরে নিয়ে যাওয়া হয়।

তুর্যের খালা শাম্মী বলেন, প্যারোলে মুক্তির আবেদন করেও তার বোনের মুক্তি মেলেনি। কর্তৃপক্ষ জানিয়েছে, এতে রাষ্ট্রের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে। তার বোনের ছেলে জন্মের পর থেকেই শারীরিক সমস্যায় ভুগছিল। সে নিজে কোনো কাজ করতে পারত না। তার ১০টি অস্ত্রোপচার হয়েছে। এমনকি নিজের হাতে খাবার তুলে খেতেও পারত না।

তিনি আরও বলেন, তাদের বাবা একজন মুক্তিযোদ্ধা। তার দাবি, তার বোন ২০২২ সালে রাজনীতি ছেড়েছেন এবং বর্তমানে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত নন। তার আরেকটি সন্তানও অসুস্থ। এ সময় তিনি প্রশ্ন তোলেন, আওয়ামী লীগ করলেই কি একজন মানুষ রাষ্ট্রের কাছে সন্ত্রাসী হয়ে যায়?

কারা অধিদপ্তরের জেলার (মিডিয়া সেল) মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল বলেন, মৌখিক আবেদনের পরিপ্রেক্ষিতে মানবিক দিক বিবেচনা করে ওই বন্দিকে তার মৃত সন্তানের সঙ্গে শেষবারের মতো দেখা করানোর ব্যবস্থা করা হয়।

কাশিমপুর মহিলা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) মো. নজরুল ইসলাম বলেন, প্যারোলে মুক্তির আবেদন জেলা প্রশাসকের কাছে করতে হয়। সেখান থেকে আবেদনটি কারা কর্তৃপক্ষের কাছে পৌঁছালে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়। তবে শর্মীর প্যারোলে মুক্তির আবেদন করা হয়েছে কি না, তা তার জানা নেই। এ-সংক্রান্ত কোনো কাগজপত্রও তারা পাননি।