জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির, যে কোনো সময় প্রকাশ

জাতীয় নির্বাচনের রোডম্যাপ অনুমোদন ইসির, যে কোনো সময় প্রকাশ

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের রোডম্যাপের খসড়ার অনুমোদন দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। যেকোনো সময় ঘোষণা হতে পারে জাতীয় নির্বাচনের রোডম্যাপ

গণমাধ্যমে এ বিষয়টি নিশ্চিত করেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাউসদ। তিনি বলেন, কমিশন রোডম্যাপ অনুমোদন দিয়েছে। দুই-একদিনের মধ্যেই এটি প্রকাশ করা হবে।

এদিকে আসন্ন নির্বাচনকে সামনে রেখে সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণে নির্বাচন কমিশনে (ইসি) শেষ দিনের শুনানি চলছে। সকাল ১০টার দিকে নির্বাচন ভবনের অডিটোরিয়ামে এ শুনানি শুরু হয়। শেষ দিনে রাজশাহী, রংপুর, ময়মনসিংহ, ফরিদপুর ও সিলেট অঞ্চলের সংসদীয় আসন নিয়ে করা দাবি ও আপত্তির শুনানি অনুষ্ঠিত হচ্ছে। এর আগে মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা অঞ্চলের দাবি-আপত্তি নিয়ে শুনানি অনুষ্ঠিত হয়।

গত ৩০ জুলাই নির্বাচন কমিশন (ইসি) ৩০০ সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ করে খসড়া প্রকাশ করে। সেখানে ভোটার সংখ্যার ভারসাম্য আনতে গাজীপুরে একটি আসন বাড়িয়ে ৬টি করা হয়, আর বাগেরহাটে আসন কমিয়ে ৪টি থেকে ৩টি করার প্রস্তাব দেওয়া হয়। পরবর্তীতে ১০ আগস্টের মধ্যে ৮৩টি আসন নিয়ে ১ হাজার ৭৬০টি দাবি-আপত্তির আবেদন ইসিতে জমা পড়ে। এরপর ২৪ আগস্ট থেকে দাবি-আপত্তির শুনানি শুরু হয়, যা বুধবার শেষ হচ্ছে। শুনানি শেষে আবেদনগুলোর নিষ্পত্তি করে ৩০০ আসনের চূড়ান্ত সীমানা নির্ধারণ করে গেজেট প্রকাশ করবে নির্বাচন কমিশন।

আরোও পড়ুনঃ আজ থেকে ভারতের ওপর ৫০ শতাংশ মার্কিন শুল্ক কার্যকর