কেরানীগঞ্জে ডিবির অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ ৪ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

অপরাধ সারাদেশ

ঢাকার কেরানীগঞ্জে পৃথক দুটি অভিযানে ২৬ গ্রাম হেরোইনসহ চারজনকে গ্রেপ্তার করেছে ঢাকা জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি দক্ষিণ)। গ্রেপ্তাররা পেশাদার মাদক ব্যবসায়ী বলে জানিয়েছে পুলিশ।

পুলিশ জানায়, মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাত ১১টা ৪০ মিনিটের দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের আড়াকুল দক্ষিণ বন এলাকায় অভিযান চালায় ডিবির একটি দল। এ সময় হাসেন মেম্বারের প্লটের সামনে কাঁচা রাস্তা থেকে ৩ গ্রাম হেরোইনসহ মো. শিবলু (৩৫) এবং ৩ গ্রাম হেরোইনসহ মো. রিফাত হোসেন (২৪) নামে দুজনকে গ্রেপ্তার করা হয়।

অন্যদিকে, বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৬টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন চুনকুটিয়া এলাকার বেবিস্ট্যান্ড সওদাগর হোটেল অ্যান্ড রেস্টুরেন্টের সামনে অভিযান চালানো হয়। সেখান থেকে ১৩ গ্রাম হেরোইনসহ মো. মহিউদ্দিন আহম্মেদ শান্ত (২৯) এবং ৭ গ্রাম হেরোইনসহ মো. রিপন খাঁ (৪৩) নামে আরও দুজনকে গ্রেপ্তার করে ডিবি।

পুলিশের দাবি, গ্রেপ্তার চারজনই দীর্ঘদিন ধরে মাদক ব্যবসার সঙ্গে জড়িত। তাদের কাছ থেকে সর্বমোট ২৬ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়েছে।

এ ঘটনায় গ্রেপ্তারদের বিরুদ্ধে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় দুটি মামলা করা হয়েছে। পরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।