ঢাকার কেরানীগঞ্জে অভিযান চালিয়ে ৯৬ পিস ইয়াবা ট্যাবলেটসহ মো. রাব্বি ওরফে সাব্বির (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র্যাব-১০। এ সময় তার কাছ থেকে মাদক বিক্রির নগদ ৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব-১০ সূত্রে জানা যায়, ৫ সেপ্টেম্বর ২০২৬ রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে ঢাকা জেলার দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন শুভাঢ্য এলাকায় গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব-১০-এর সদর কোম্পানির একটি আভিযানিক দল। অভিযানকালে মো. রাব্বি ওরফে সাব্বিরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারের পর তার কাছ থেকে ৯৬ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। র্যাবের হিসাবে উদ্ধার করা ইয়াবার আনুমানিক বাজারমূল্য ২৮ হাজার ৮০০ টাকা। এছাড়া মাদক ক্রয়-বিক্রয়ের কাজে ব্যবহৃত নগদ ৭ হাজার ৫০০ টাকা জব্দ করা হয়েছে।
র্যাব জানায়, গ্রেপ্তারকৃত রাব্বি ঢাকার বংশাল থানাধীন আবুল হাসনাত রোড এলাকার মো. শাহজাহানের ছেলে। র্যাবের দাবি, তিনি একজন পেশাদার মাদক ব্যবসায়ী। দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদক সংগ্রহ করে দক্ষিণ কেরানীগঞ্জসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন।
এ ঘটনায় গ্রেপ্তারকৃত ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পরে তাকে সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
র্যাব-১০ আরও জানিয়েছে, মাদক, অস্ত্র, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে তাদের অভিযান অব্যাহত থাকবে।

