ভারত-বাংলাদেশ সীমান্তে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে নদীতে নিখোঁজ হওয়া ভারতের সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের এক সদস্যকে উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। প্রায় ২৪ ঘণ্টা নিখোঁজ থাকার পর মঙ্গলবার (২৪ নভেম্বর) সিলেটের অমলশীদ গ্রাম থেকে তাঁকে উদ্ধার করা হয়।
ভারতীয় সংবাদমাধ্যম দ্য সেন্টিনেল আসামের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। উদ্ধার হওয়া বিএসএফ সদস্যকে পতাকা বৈঠকের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তরের প্রস্তুতি চলছে।
উদ্ধার হওয়া বিএসএফ সদস্যের নাম কে. ভেনু। ৩০ বছর বয়সী এই সদস্য বাহিনীর ৭৫তম ব্যাটালিয়নে কর্মরত। তাঁর বাড়ি ভারতের অন্ধ্রপ্রদেশে। তিনি আসামের কাছাড় জেলার কাটিগড় এলাকার হরিনগর সীমান্ত ফাঁড়িতে দায়িত্ব পালন করছিলেন।
প্রতিবেদন অনুযায়ী, গত ২২ ও ২৩ নভেম্বরের মধ্যবর্তী রাতে গরু পাচারকারীদের ধাওয়া করতে গিয়ে নিখোঁজ হন ভেনু। এ সময় তাঁর সঙ্গে ছিলেন বিএসএফের হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব।
সীমান্ত এলাকায় চার থেকে পাঁচজন সন্দেহভাজন গরু পাচারকারীকে ধাওয়া করার একপর্যায়ে তাঁরা বরাক-সুরমা নদীতে প্রবেশ করেন। এ সময় পাচারকারীরা পাঁচটি মহিষ ফেলে পালিয়ে যায়। পরে জিতেন্দ্র যাদব নিরাপদে নদী থেকে ফিরে আসতে সক্ষম হলেও ভেনুর কোনো খোঁজ পাওয়া যায়নি।
এ বিষয়ে বিএসএফের এক জ্যেষ্ঠ কর্মকর্তা জানান, হেড কনস্টেবল জিতেন্দ্র যাদব নিরাপদে নদী থেকে বেরিয়ে আসতে পারলেও কনস্টেবল (জিডি) কে. ভেনু নিখোঁজ হন।
ভেনু নিখোঁজ হওয়ার পর তাঁর নদীতে ডুবে যাওয়ার আশঙ্কা তৈরি হয়। এরপর প্রায় ২৪ ঘণ্টা ধরে বরাক-সুরমা নদী ও আশপাশের এলাকায় তল্লাশি চালানো হয়। একপর্যায়ে তাঁর বাংলাদেশে প্রবেশের বিষয়টি সামনে আসে। পরে বিজিবি সিলেটের অমলশীদ গ্রাম থেকে তাঁকে উদ্ধার করে।
উদ্ধারের পর ভেনুকে ভারতের কাছে হস্তান্তরের আনুষ্ঠানিকতা শুরু হয়েছে। এ জন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক হওয়ার কথা রয়েছে। বৈঠকের মাধ্যমে তাঁকে ভারতীয় কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করবে বিজিবি।
সূত্র: দ্য সেন্টিনেল আসাম

