দীর্ঘ ১৮ বছরের কারাবাসের পর প্যারোলে মুক্তি পেয়েছেন বাদল ফরাজী। মঙ্গলবার (২৪ নভেম্বর) সকাল সোয়া ৮টার দিকে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগার থেকে তাঁকে মুক্তি দেওয়া হয়। পরে পুলিশি ব্যবস্থাপনায় তাঁকে বাগেরহাটে পরিবারের কাছে হস্তান্তরের জন্য নিয়ে যাওয়া হয়েছে।
কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার মোহাম্মদ আবদুল্লাহ আল মামুন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, মঙ্গলবার সকাল সোয়া ৮টার দিকে বাদল ফরাজীকে মুক্তি দেওয়া হয়েছে। বাগেরহাট পুলিশ তাঁকে প্যারোলের শর্ত অনুযায়ী পরিবারের কাছে হস্তান্তর করবে।
নামের মিলের কারণে ভারতের একটি হত্যা মামলায় ভুলভাবে দণ্ডিত হওয়ার অভিযোগ নিয়ে প্রায় ১৮ বছর কারাগারে কাটিয়েছেন বাগেরহাটের মোংলা উপজেলার বাসিন্দা বাদল ফরাজী। ২০০৮ সালে তাজমহল দেখতে পর্যটক ভিসায় ভারতে গিয়ে গ্রেপ্তার হন তিনি। পরে দিল্লির লাজপত নগরে ৭১ বছর বয়সী নির্মলা মাদান হত্যার ঘটনায় অভিযুক্ত ‘বাদল সিং’ হিসেবে তাঁকে শনাক্ত করা হয়। তবে বাদল ফরাজীর দাবি ছিল, তিনি সেই ব্যক্তি নন।
২০১৫ সালের ২১ জুলাই দিল্লির একটি আদালত তাঁকে দোষী সাব্যস্ত করেন। পরের মাসে তাঁকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। পরবর্তী সময়ে দিল্লি হাইকোর্টও সেই সাজা বহাল রাখেন। প্রায় ১০ বছর ভারতের তিহার কারাগারে বন্দী ছিলেন বাদল। কারাগারে থাকাকালীন তিনি মাধ্যমিক, উচ্চমাধ্যমিক ও স্নাতক পর্যায়ের পড়াশোনা শেষ করেন।
পরে ২০১৮ সালের ৬ জুলাই ভারত-বাংলাদেশ বন্দী স্থানান্তর চুক্তির আওতায় তাঁকে বাংলাদেশে ফিরিয়ে আনা হয়। এরপর প্রথমে ঢাকা কেন্দ্রীয় কারাগার এবং পরে গাজীপুরের কাশিমপুর হাই সিকিউরিটি কেন্দ্রীয় কারাগারে রাখা হয় তাঁকে। দেশে ফেরার পরও তাঁর মুক্তির বিষয়ে বিভিন্ন পর্যায়ে উদ্যোগ নেওয়া হলেও এত দিন তা বাস্তবায়িত হয়নি।
দীর্ঘদিন ধরে বাদল ফরাজীর মুক্তির দাবিতে কাজ করেছেন মানবাধিকারকর্মী, আইনজীবী ও সাংবাদিকেরা। তাঁকে নিয়ে লেখক রাহিতুল ইসলাম ‘বাদলের কারাবাস’ নামে একটি উপন্যাসও লেখেন। চলতি বছরের ফেব্রুয়ারিতে প্রথমা প্রকাশন থেকে বইটি প্রকাশের ঘোষণা আসে। উপন্যাসটি প্রকাশের পর তাঁর মুক্তির দাবি আরও জোরালো হয়।
জেলা প্রশাসন সূত্রে জানা যায়, গত ২৯ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্ট বাদল ফরাজীর প্যারোলে মুক্তির বিষয়ে করা আবেদন মঞ্জুর করেন। আদালত সংশ্লিষ্ট দেশের প্রচলিত আইন অনুসরণ করে প্যারোল বা ফার্লো কার্যকরের নির্দেশনা দেন। এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ সরকারের বিভিন্ন দপ্তরে আইনি ও প্রশাসনিক প্রক্রিয়া শুরু হয়।
সবশেষ গত ১৬ নভেম্বর স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কারা-২ শাখা থেকে তাঁকে চার সপ্তাহের প্যারোলে মুক্তি দেওয়ার প্রয়োজনীয় ব্যবস্থা নিতে গাজীপুরের জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়।
গাজীপুরের জেলা প্রশাসক নুরুল করিম ভূঁইয়া বলেন, মানবিক দৃষ্টিকোণ থেকে বাদল ফরাজীকে ১২ ঘণ্টার পরিবর্তে চার সপ্তাহের প্যারোলে মুক্তি দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
বাদল ফরাজী কারাগারে থাকতেই তাঁর বাবা মারা যান। তাঁর বৃদ্ধ মা বর্তমানে চলাফেরা করতে পারেন না। দীর্ঘদিন পর পরিবারের কাছে ফেরার সুযোগ পেলেন তিনি।

