রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের দৃষ্টান্তমূলক বিচারিক প্রক্রিয়া দ্রুত শেষ করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বৃহস্পতিবার (২১ মে) দুপুরে সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত প্রেস ব্রিফিংয়ে রামিসা হত্যাকাণ্ড ও সমসাময়িক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে কথা বলতে গিয়ে তিনি এ মন্তব্য করেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “শিশু রামিসা হত্যাকাণ্ডের ঘটনায় ২৪ ঘণ্টার মধ্যে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। সংক্ষিপ্ত সময়ের মধ্যে তদন্ত শেষ করে চার্জশিট দাখিল করা হবে। একই সঙ্গে বিচারিক প্রক্রিয়াও দ্রুত সম্পন্ন হবে।”
তিনি আরও বলেন, “মাদক, চাঁদাবাজি ও সন্ত্রাস দমনে আইনশৃঙ্খলা বাহিনী প্রো-অ্যাকটিভভাবে কাজ করছে। সরকার দায়িত্ব নেওয়ার পর যেসব বড় ধরনের অপরাধ সংঘটিত হয়েছে, সেগুলোর প্রতিটিতেই পুলিশ দ্রুত ব্যবস্থা নিয়েছে এবং আসামিদের গ্রেপ্তার করেছে।”
বিচারহীনতার অভিযোগ প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, “সবসময় বিচারহীনতার কথা সঠিক নয়। অনেক সময় বিচার প্রক্রিয়ায় বিলম্ব হয়, কারণ এটি আদালতের বিষয়। তনু হত্যাসহ বিভিন্ন মামলায় ব্যবস্থা নেওয়া হচ্ছে। রামিসা হত্যাকাণ্ডের ক্ষেত্রেও দ্রুত সময়ের মধ্যে দৃষ্টান্তমূলক বিচার নিশ্চিত করা হবে।”
তিনি বলেন, “আইনশৃঙ্খলা সমুন্নত রাখতে সরকার সর্বোচ্চ চেষ্টা করছে। তবে এখনও অনেক কাজ বাকি রয়েছে। সরকারের সময় মাত্র তিন মাস হওয়ায় কিছু সিদ্ধান্ত নিতে সময় লাগছে। আইন সংস্কার একটি চলমান প্রক্রিয়া এবং কিছু ক্ষেত্রে সংশোধন আনা প্রয়োজন।”
স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, “খুব সংক্ষিপ্ত বিচারের মাধ্যমে কোনো অবিচার হচ্ছে কি না, সেটিও বিবেচনায় রাখতে হবে। জনগণের ক্ষোভ প্রশমনে সাময়িকভাবে আইন প্রণয়ন সবসময় ভালো ফল দেয় না।”
উল্লেখ্য, গত মঙ্গলবার (১৯ মে) সকালে পল্লবীর একটি ফ্ল্যাটের খাটের নিচ থেকে সাত বছর বয়সী শিশু রামিসার মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় পল্লবী থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়।
ঘটনার পর প্রথমে প্রধান আসামি সোহেল রানার স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করা হয়। পরে সোহেল রানাকে গ্রেপ্তার করে পুলিশ। শিশু রামিসাকে ধর্ষণের পর গলাকেটে হত্যার ঘটনায় আদালতে দোষ স্বীকার করে জবানবন্দিও দিয়েছেন তিনি।

