নারী আসনের সংসদ সদস্য মমতাজ আলো বলেছেন, নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিতে কঠোর আইন প্রণয়ন ও বাস্তবায়ন জরুরি। আইন কঠোর হলে ভবিষ্যতে লামিসার মতো কোনো নারী বা শিশুকে অকালে প্রাণ হারাতে হবে না।
শুক্রবার (২২ মে) বিকেলে ঢাকার কেরানীগঞ্জের কলাতিয়ার আকসাইল এলাকায় তার শশুরালয়ে গোলাম আবেদীন মস্টার ও রেফাতুন্নেছা গ্রন্থাগারের উদ্যোগে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।
এসময় তিনি বলেন, দীর্ঘদিনের একনায়কতন্ত্রে দেশের নারী ও শিশুরা নিরাপত্তাহীনতায় ভুগছে। প্রধানমন্ত্রী তারেক রহমান নারী ও শিশুদের নিরাপত্তায় কাজ শুরু করেছেন। সমাজের সকলকে নিজ নিজ অবস্থান থেকে নারী ও শিশুদের সুরক্ষায় এগিয়ে আসতে হবে।
সংরক্ষিত নারী আসনে সংসদ সদস্য নির্বাচিত হওয়ায় ৩২৮ সংসদীয় আসন ২৮ এর এমপি মমতাজ আলোকে এ সংবর্ধনা দেওয়া হয়।
অনুষ্ঠানে গোলাম আবেদীন মস্টার ও রেফাতুন্নেছা গ্রন্থাগারের সহসভাপতি মুজাহিদুল ইসলাম, মুস্তাক আহমেদ বাদল, সাধারণ সম্পাদক আপু সুলতান, কোষাধ্যক্ষ লাবু মিয়া, সদস্য জাবেদ হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
পরে তিনি স্থানীয় শিক্ষার্থীদের হাতে পরিবেশবান্ধব গাছের চারা তুলে দেন।

