রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রে ইউরেনিয়ামের নতুন একটি চালান পৌঁছেছে।
শনিবার (১৪ নভেম্বর) ভোর ৬টা ৫ মিনিটের দিকে রাশিয়া থেকে আমদানি করা এই চালান রূপপুরে প্রবেশ করে। এ সময় প্রকল্প পরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা চালানটি গ্রহণ করেন।
তিনটি বিশেষায়িত লরি বা কাভার্ডভ্যানে করে ইউরেনিয়াম প্রকল্প এলাকায় নেওয়া হয়। বাংলাদেশ সেনাবাহিনীর তত্ত্বাবধানে এবং অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্য দিয়ে সড়কপথে ঢাকা থেকে এই জ্বালানি রূপপুরে পৌঁছায়।
চলতি সময়ে এটি রূপপুর প্রকল্পে পৌঁছানো ষষ্ঠ চালান। এর মধ্যে প্রথম ইউনিটের জন্য একটি অতিরিক্ত চালান এবং দ্বিতীয় ইউনিটের জন্য পাঁচটি চালান এসেছে।
প্রকল্প সংশ্লিষ্টরা জানান, রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক সংস্থার পরিকল্পনা অনুযায়ী, মোট ৯টি কার্গো ফ্লাইটে উভয় ইউনিটের জ্বালানি বাংলাদেশে আনার কথা রয়েছে।
দ্বিতীয় ইউনিটের প্রাথমিক জ্বালানি হিসেবে সাতটি চালানে মোট ১৬৩টি ইউরেনিয়াম অ্যাসেম্বলি এবং প্রথম ইউনিটের পুনরায় জ্বালানি সরবরাহের (রিফুয়েলিং) জন্য দুটি চালানে অতিরিক্ত ৪৮টি অ্যাসেম্বলি আসার কথা রয়েছে।

