জামালপুরের মাদারগঞ্জে ভয়াবহ অগ্নিকাণ্ডে বসতঘর ও তিনটি গাভীসহ দুটি ছাগল পুড়ে ছাই। এতে প্রায় ৩ থেকে ৪ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। আগুনে জীবনের শেষ সম্বল হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন কৃষক রফিকুল ইসলাম ও তাঁর পরিবার।
শনিবার (১৪ নভেম্বর) রাত ৩টার দিকে উপজেলার ৪ নং বালিজুড়ী ইউনিয়নের চর নাংলা আদর্শ গ্রামে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত রফিকুল ইসলাম ওই গ্রামের জামাল মণ্ডলের ছেলে। প্রাথমিকভাবে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে ধারণা করা হচ্ছে।
ক্ষতিগ্রস্ত কৃষক রফিকুল ইসলাম বলেন, আমরা গরিব মানুষ। কৃষিকাজ করে সংসার চালাই। আমার গরু-বাছুর, ছাগলসহ যা সম্বল ছিল, সব পুড়ে ছাই হয়ে গেছে। আমি একেবারে নিঃস্ব হয়ে গেছি। এখন পরিবার নিয়ে কীভাবে চলব, বুঝতে পারছি না। সরকারের কাছে সহযোগিতা কামনা করছি।
স্থানীয় বাসিন্দা হাবিবুর রহমান বলেন, আমরা সবাই রাতে ঘুমিয়ে ছিলাম। হঠাৎ কান্নার আওয়াজ শুনে ঘর থেকে বাইরে এসে দেখি গোয়ালঘরে আগুন জ্বলছে। রফিকুল একজন গরিব মানুষ। সব হারিয়ে আজ নিঃস্ব হয়ে গেলো।
খবর পেয়ে ফায়ার সার্ভিস ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে ততক্ষণে বসতঘর, তিনটি গাভী ও দুটি ছাগল আগুনে পুড়ে ছাই হয়ে যায়।
এ বিষয়ে মাদারগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্নেহাশিষ রায় বলেন, আপনাদের মাধ্যমে অগ্নিকাণ্ডের বিষয়টি জানতে পেরেছি। পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

