ধুলা, ধোঁয়া ও নানা ধরনের ক্ষতিকর কণার কারণে ক্রমেই দূষিত হয়ে উঠছে নগরীর বাতাস। জলবায়ু পরিবর্তনের প্রভাবের পাশাপাশি অপরিকল্পিত উন্নয়ন কর্মকাণ্ড ও বিভিন্ন মানবসৃষ্ট কারণে বিশ্বের বড় শহরগুলোতে বায়ুদূষণ বাড়ছে। এর প্রভাব পড়ছে মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ও স্বাস্থ্যের ওপর।
বায়ুদূষণের এমন পরিস্থিতিতে বিশ্বের দূষিত শহরের তালিকায় চতুর্থ অবস্থানে রয়েছে বাংলাদেশের রাজধানী ঢাকা। শনিবার (১৪ নভেম্বর) শহরটির বায়ুমান সূচক (একিউআই) স্কোর রেকর্ড করা হয়েছে ২০০, যা নাগরিকদের জন্য ‘অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচিত।
সুইজারল্যান্ডভিত্তিক বায়ুমান পর্যবেক্ষণকারী সংস্থা আইকিউএয়ারের প্রকাশিত সূচক থেকে এ তথ্য জানা গেছে।
আইকিউএয়ারের তালিকা অনুযায়ী, বিশ্বের ১২৬টি শহরের মধ্যে বায়ুদূষণে শীর্ষে রয়েছে পাকিস্তানের লাহোর। শহরটির একিউআই স্কোর ২৩০, যা ‘খুবই অস্বাস্থ্যকর’ পর্যায়ের।
তালিকার দ্বিতীয় অবস্থানে রয়েছে ভারতের রাজধানী নয়াদিল্লি। শহরটির বায়ুমান স্কোর ২১৮। তৃতীয় স্থানে রয়েছে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতা, যার স্কোর ২০৭। অন্যদিকে ২০০ স্কোর নিয়ে চতুর্থ অবস্থানে রয়েছে ঢাকা। পঞ্চম স্থানে থাকা চীনের রাজধানী বেইজিংয়ের বায়ুমান স্কোর ১৬৭।
আইকিউএয়ারের মানদণ্ড অনুযায়ী, একিউআই স্কোর শূন্য থেকে ৫০ হলে বায়ুর মান ‘ভালো’ বা ‘অনেক ভালো’ হিসেবে বিবেচিত হয়। ৫১ থেকে ১০০ স্কোরকে ‘মাঝারি বা সহনীয়’ ধরা হয়। ১০১ থেকে ১৫০ স্কোর হলে তা ‘সংবেদনশীল গোষ্ঠীর জন্য অস্বাস্থ্যকর’ হিসেবে গণ্য করা হয়।
এ ছাড়া ১৫১ থেকে ২০০ স্কোরকে ‘অস্বাস্থ্যকর’ এবং ২০১ থেকে ৩০০ স্কোরকে ‘খুবই অস্বাস্থ্যকর’ হিসেবে বিবেচনা করা হয়। স্কোর ৩০১ ছাড়িয়ে গেলে বায়ুর মান ‘দুর্যোগপূর্ণ’ পর্যায়ে পৌঁছায়।
বাংলাদেশে বায়ুমান সূচক নির্ধারণে দূষণের পাঁচটি উপাদান বিবেচনা করা হয়। এগুলো হলো—বস্তুকণা (পিএম১০ ও পিএম২.৫), নাইট্রোজেন ডাই-অক্সাইড (এনও২), কার্বন মনোক্সাইড (সিও), সালফার ডাই-অক্সাইড (এসও২) এবং ওজোন (ও৩)।
২০১৯ সালের মার্চে পরিবেশ অধিদপ্তর ও বিশ্বব্যাংকের প্রকাশিত এক প্রতিবেদনে ঢাকার বায়ুদূষণের তিনটি প্রধান উৎস হিসেবে ইটভাটা, যানবাহনের নির্গত ধোঁয়া এবং নির্মাণকাজের ধুলাকে চিহ্নিত করা হয়েছিল।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) তথ্য অনুযায়ী, বায়ুদূষণের কারণে স্ট্রোক, হৃদরোগ, ক্রনিক অবস্ট্রাকটিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি), ফুসফুসের ক্যানসার এবং শ্বাসযন্ত্রের তীব্র সংক্রমণের ঝুঁকি বাড়ে। এসব রোগে আক্রান্ত হয়ে বিশ্বে প্রতিবছর আনুমানিক ৭০ লাখ মানুষের মৃত্যু হয়।

