শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা হবেঃ এনসিপি

শহীদ মিনারে ‘নতুন বাংলাদেশের ইশতেহার’ ঘোষণা হবেঃ এনসিপি

রাজনীতি

জাতীয় নাগরিক পার্টি ( এনসিপি ) জানিয়েছে, আগামীকাল শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে।

শনিবার (২ আগস্ট) সকালে দলটির অফিসিয়াল ফেসবুক পেজে এক পোস্টে এ কথা জানানো হয়। ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে এ অনুষ্ঠানের আয়োজন করা হবে।

এনসিপি সবাইকে অনুষ্ঠানে যোগ দেওয়ার আমন্ত্রণ জানিয়েছে। দলটির পক্ষ থেকে বলা হয়েছে, ইতিহাসের এ সন্ধিক্ষণে’ সকলের উপস্থিতি কামনা করা হচ্ছে।

এনসিপি

আগে গত বুধবার নরসিংদীতে এক পথসভায় এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, ৩ আগস্ট ঢাকার কেন্দ্রীয় শহীদ মিনারে নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করা হবে। তিনি সবাইকে সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়ে বলেন, আপনারা সেদিন সঙ্গে থাকলে সব দাবি আমরা আদায় করে ছাড়ব।

এক মাস আগেই কেন্দ্রীয় শহীদ মিনারে কর্মসূচির কথা জানিয়েছিল দলটি। এদিকে, এনসিপির দেশ গড়তে জুলাই পদযাত্রা কর্মসূচি শেষ হয়েছে গত ৩০ জুলাই।

এনসিপি এক বিবৃতিতে জানায়, ২০২৪ এর ৩ আগস্ট যেখানে এক দফার ঘোষণা হয়েছিল। সেই শহীদ মিনারেই আগামী ৩ আগস্ট, রোজ রবিবার এক দফার ঘোষক নাহিদ ইসলাম আসছেন এনসিপিকে নিয়ে। সেখানেই তুলে ধরবেন বিগত একমাস ধরে পাওয়া এদেশের নাগরিকদের ভাবনাগুলো, তাদের চাওয়া-পাওয়াগুলো, আগামীর বাংলাদেশ বিনির্মাণে এনসিপি’র প্রতিশ্রুতিগুলো এবং ঘোষণা করবেন জুলাই ঘোষণাপত্র ও সনদ বাস্তবায়নের দাবিতে পরবর্তী কর্মসূচি।

আরোও পড়ুনঃ হৃদরোগে আক্রান্ত জামায়াত আমির, বাইপাস সার্জারির পরামর্শ