পটুয়াখালীর বাউফলে নিখোঁজের নয় দিন পর রুহুল আমীন (৬০) নামে এক ব্যক্তির খণ্ডিত দেহ ও মাথাসহ শরীরের বিভিন্ন বিচ্ছিন্ন অংশ উদ্ধার করেছে পুলিশ।
এর আগে একই ব্যক্তির একটি হাত ও দুই পা উদ্ধারের তিন দিন পর শনিবার (১৪ নভেম্বর) সকালে উপজেলার কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া গ্রামের বিভিন্ন স্থান থেকে দেহের বাকি অংশ উদ্ধার করা হয়।
এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে শাহিদা বেগম নামে এক নারী ও আবুল বশার নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। পুলিশের দাবি, আর্থিক লেনদেন ও ব্যক্তিগত বিরোধের জেরে পরিকল্পিতভাবে রুহুল আমীনকে হত্যা করে মরদেহ টুকরো টুকরো করে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয়।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, গত ৬ নভেম্বর বিকেলে বোনের বাড়ি থেকে বের হওয়ার পর নিখোঁজ হন রুহুল আমীন। পরিবারের সদস্যরা আত্মীয়স্বজন ও পরিচিতজনদের কাছে খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পাননি। পরে তাঁর সন্ধান করতে গিয়ে কালিশুরী ইউনিয়নের পোনাহুড়া এলাকার শাহিদা বেগমের সঙ্গে যোগাযোগ করেন স্বজনরা। এ সময় শাহিদার কথাবার্তায় অসংগতি দেখা যায় বলে অভিযোগ করেন তাঁরা। একপর্যায়ে তিনি আত্মগোপনে চলে যান।
গত ১২ নভেম্বর পোনাহুরা এলাকার ধানখেত ও জমির আইল থেকে এক ব্যক্তির বিচ্ছিন্ন হাত ও দুই পা উদ্ধার করে পুলিশ। পরদিন আরও একটি বিচ্ছিন্ন হাত উদ্ধার করা হয়। পরে পরিবারের সদস্যরা উদ্ধার করা অঙ্গপ্রত্যঙ্গ দেখে সেগুলো রুহুল আমীনের বলে ধারণা করেন। এ ঘটনায় পরিবারের পক্ষ থেকে থানায় মামলা করা হয়।
মামলার তদন্তে নেমে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে ১৪ নভেম্বর রাতে শাহিদা বেগমকে গ্রেপ্তার করে। পরে তাঁর দেওয়া তথ্য ও স্বীকারোক্তির ভিত্তিতে আবুল বশারকেও গ্রেপ্তার করা হয়। শনিবার সকাল ৯টা থেকে পোনাহুড়া এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে কচুরিপানায় ঢাকা ডোবা ও ধানখেত থেকে মরদেহের বাকি অংশ উদ্ধার করা হয়।
পুলিশের কাছে দেওয়া জবানবন্দির বরাত দিয়ে মামলার তদন্তসংশ্লিষ্ট সূত্র জানায়, রুহুল আমীনের সঙ্গে শাহিদার দীর্ঘদিন ধরে আর্থিক লেনদেন নিয়ে বিরোধ চলছিল। শাহিদার অভিযোগ, তাঁর ছেলেকে সেনাবাহিনীতে চাকরি দেওয়ার কথা বলে রুহুল আমীন তিন লাখ টাকা নিয়েছিল। পরে দেড় লাখ টাকা ফেরত দিলেও বাকি টাকা নিয়ে বিরোধ থেকে যায়। এ ছাড়া তাঁদের মধ্যে ব্যক্তিগত বিরোধ ও ব্ল্যাকমেইলের অভিযোগও ছিল।
পুলিশের ভাষ্যমতে , রুহুল আমীনকে হত্যার জন্য শাহিদা বেগম আবুল বশারের সঙ্গে ৬০ হাজার টাকায় চুক্তি করেন। পরিকল্পনা অনুযায়ী, গত ৬ নভেম্বর শাহিদার বাড়িতে ডেকে নিয়ে ঘুমের ওষুধ মেশানো পানীয় খাওয়ানো হয় রুহুল আমীনকে। পরে বশার ও তাঁর সহযোগী সোহেল সেখানে গিয়ে শ্বাসরোধে তাঁকে হত্যা করেন। হত্যার পর মরদেহের বিভিন্ন অংশ কেটে বিভিন্ন স্থানে ফেলে দেওয়া হয় বলে তদন্তসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।
পটুয়াখালীর সহকারী পুলিশ সুপার (বাউফল সার্কেল) সব্যসাচী মজুমদার বলেন, ঘটনার পরিকল্পনাকারী নারীর স্বীকারোক্তি অনুযায়ী আর্থিক লেনদেন ও শারীরিক সম্পর্কের জেরে তিনজন মিলে রুহুল আমীনকে হত্যা করেছেন। গ্রেপ্তার দুই আসামিকে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি গ্রহণের জন্য আদালতে পাঠানো হয়েছে। এ ঘটনায় জড়িত অন্যদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।

