দেশে ডেঙ্গুর প্রকোপে উদ্বেগ বাড়ছেই। গত ২৪ ঘণ্টায় মশাবাহিত এ রোগে আরও আটজনের মৃত্যু হয়েছে।
একই সময়ে নতুন করে হাসপাতালে ভর্তি হয়েছেন ১ হাজার ৬৭৪ জন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪৯১ জনে, যা ৫০০ ছোঁয়ার অপেক্ষায়।
শনিবার (১৪ নভেম্বর) স্বাস্থ্য অধিদপ্তরের ডেঙ্গুবিষয়ক নিয়মিত বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে এখন পর্যন্ত ডেঙ্গুতে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৬০ হাজার ৫৫৭ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ১ লাখ ৫৪ হাজার ১৫১ জন। বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ৫ হাজার ৯১৫ জন।
গত ২৪ ঘণ্টায় ঢাকা বিভাগে সর্বোচ্চ ৭১৪ জন ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। এ সময়ে এ বিভাগে ছয়জনের মৃত্যু হয়েছে। এ ছাড়া চট্টগ্রাম ও রাজশাহী বিভাগে একজন করে মারা গেছেন।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ২৪ ঘণ্টায় নতুন করে হাসপাতালে ভর্তি হওয়া রোগীদের মধ্যে চট্টগ্রাম বিভাগে ৩১১ জন, খুলনায় ১৯০, বরিশালে ২১৩, রাজশাহীতে ১১৫, ময়মনসিংহে ৫০, রংপুরে ৬০ এবং সিলেট বিভাগে ২১ জন রয়েছেন।
স্বাস্থ্য অধিদপ্তরের হিসাব অনুযায়ী, নভেম্বরের প্রথম ১৪ দিনে ডেঙ্গুতে ৭৩ জনের মৃত্যু হয়েছে। এর আগে অক্টোবর মাসে ১৭৪ জন এবং সেপ্টেম্বরে ১৪৮ জন মারা যান।
ঢাকা বিভাগে চলতি বছর এখন পর্যন্ত ডেঙ্গুতে সর্বোচ্চ ২৪৪ জনের মৃত্যু হয়েছে। বর্তমানে এ বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি রয়েছেন ২ হাজার ৬০৬ জন।

