সংগীতপ্রেমীদের জন্য সুখবর! রাজধানীর এক মঞ্চে আজ গান শোনাবেন জেমসসহ দেশের জনপ্রিয় সাতটি ব্যান্ড।
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে ঢাকার মানিক মিয়া অ্যাভিনিউতে আয়োজন করা হয়েছে উন্মুক্ত কনসার্ট ‘কনসার্ট ফর সলিডারিটি’।
শনিবার (৭ নভেম্বর) বিকেল ৪টায় শুরু হবে এই সংগীত আয়োজন। চলবে প্রায় সাত ঘণ্টা। দর্শকদের জন্য কনসার্টটি উন্মুক্ত রাখা হয়েছে।
এই কনসার্টে নগর বাউল জেমসের পাশাপাশি মঞ্চ মাতাবে দেশের আরও ছয়টি জনপ্রিয় ব্যান্ড। তালিকায় রয়েছে- মাইলস, ওয়ারফেজ, ফিডব্যাক, আর্টসেল, শিরোনামহীন ও মেকানিক্স। একই মঞ্চে সাতটি জনপ্রিয় ব্যান্ডের পরিবেশনা উপভোগ করার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত সংগীতপ্রেমীরা।
কনসার্টটি আয়োজন করছে সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়। এতে সহযোগিতা করছে দেশের ব্যান্ড সংগীতের সংগঠন বাংলাদেশ মিউজিক্যাল ব্যান্ডস অ্যাসোসিয়েশন (বামবা)। আর আয়োজনের ব্যবস্থাপনায় রয়েছে বাংলাদেশ শিল্পকলা একাডেমি।
কনসার্টের ঘোষণা দিয়ে বামবার ফেসবুক পেজে জানানো হয়েছে, একটি শহর, একটি মঞ্চ, সাতটি আইকনিক ব্যান্ড এবং সাত ঘণ্টার পরিবেশনা নিয়ে সাজানো হয়েছে এই আয়োজন।
বামবার পাশাপাশি মাইলস, ফিডব্যাক, ওয়ারফেজ, শিরোনামহীন, আর্টসেল ও মেকানিক্সের ফেসবুক পেজ থেকেও কনসার্টে অংশ নেওয়ার আমন্ত্রণ জানানো হয়েছে।
অন্যদিকে নগর বাউল জেমস নিজের ফেসবুক পেজে ভক্তদের উদ্দেশে লিখেছেন, ‘প্রিয় বন্ধুরা, দেখা হবে…জাতীয় বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে, ৭ নভেম্বর, মানিক মিয়া অ্যাভিনিউতে।’
সাম্প্রতিক সময়ে নিরাপত্তাজনিত কারণে একাধিক কনসার্ট স্থগিত হয়েছে। একই কারণে রাজধানীতে উন্মুক্ত স্থানে বড় পরিসরে সংগীত আয়োজনও বাধাগ্রস্ত হয়েছে।
এমন পরিস্থিতিতে দীর্ঘ বিরতির পর মানিক মিয়া অ্যাভিনিউতে সাতটি জনপ্রিয় ব্যান্ডের অংশগ্রহণে এই উন্মুক্ত কনসার্টের আয়োজন সংগীতপ্রেমীদের মধ্যে বাড়তি আগ্রহ তৈরি করেছে।
এক নজরে কনসার্টের তথ্য
অনুষ্ঠানের নাম: কনসার্ট ফর সলিডারিটি তারিখ: শনিবার, ৭ নভেম্বর সময়: বিকেল ৪টা স্থান: মানিক মিয়া অ্যাভিনিউ, ঢাকা পরিবেশনা: দেশের সাতটি জনপ্রিয় ব্যান্ড প্রবেশ: সবার জন্য উন্মুক্ত

