কলাবাগানে গ্যাস বিস্ফোরণ, মায়ের পর প্রাণ গেল দেড় বছরের শিশুরও

দুর্ঘটনা সারাদেশ

গত বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর কলাবাগানের কাঠালবাগান এলাকায় গ্যাস সিলিন্ডার লিকেজ থেকে বিস্ফোরণের ঘটনায় দগ্ধ দেড় বছর বয়সী শিশু আর. এস. রহমানের মৃত্যু হয়েছে। শনিবার (২১ নভেম্বর) ভোর ৫টা ৩০ মিনিটে জাতীয় বার্ন ইনস্টিটিউটে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

শুক্রবার (২০ নভেম্বর) বিকেল সাড়ে ৪টার দিকে একই ঘটনায় দগ্ধ শিশুটির মা সাবা আক্তার (৩০) মারা যায়। চিকিৎসকদের তথ্য অনুযায়ী, তার শরীরের শতভাগ পুড়ে গিয়েছিল।

হাসপাতাল সূত্রে জানা যায়, আগুনে শিশু রহমানের শরীরের ৫৭ শতাংশ দগ্ধ হয়েছিল। তার অবস্থা আশঙ্কাজনক ছিল।

এর আগে বৃহস্পতিবার (১৯ নভেম্বর) সকাল ৮টার দিকে কলাবাগান থানার কাঠালবাগানের কাঞ্চন টাওয়ারের একটি বাসায় গ্যাস সিলিন্ডারের লিকেজ থেকে বিস্ফোরণ ঘটে। এতে শিশুটির মা সাবাসহ পাঁচজন দগ্ধ হন।

স্থানীয়রা আহতদের উদ্ধার করে দ্রুত জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে নিয়ে যান। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় ৪৫ মিনিটের চেষ্টায় সকাল ৮টা ৪৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনে।

এ ঘটনায় আহত অন্যদের মধ্যে সানজিদা (২০) ও শামসুন্নাহার (৫০) রয়েছেন। তারা একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।