রিপোর্ট. আল ইমরান রাফি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে কিশোরী মোসা. তানজিলাকে গলা কেটে হত্যার ঘটনার মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই), ঢাকা জেলা।
এ ঘটনায় অভিযুক্ত মো. রানা হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। তার দেওয়া তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডে ব্যবহৃত ছুরি, ভুক্তভোগীর মোবাইল ফোনসহ গুরুত্বপূর্ণ আলামতও উদ্ধার করা হয়েছে।
আজ বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুর ১২টায় রাজধানীর উত্তরা ১২ নম্বর সেক্টরে অবস্থিত পিবিআই ঢাকা জেলা কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান পিবিআই ঢাকা জেলার পুলিশ সুপার এম এন মোর্শেদ, পিপিএম।
তিনি জানান, তথ্যপ্রযুক্তির ব্যবহার, গোয়েন্দা তথ্য এবং ঘটনাস্থল থেকে সংগ্রহ করা বিভিন্ন আলামতের ভিত্তিতে অল্প সময়ের মধ্যেই অভিযুক্তকে শনাক্ত করা সম্ভব হয়। এরপর অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
পিবিআই জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে অভিযুক্ত হত্যাকাণ্ডের দায় স্বীকার করে। পরে আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিও প্রদান করেছে।
প্রাথমিক তদন্তে পিবিআইয়ের ধারণা, ব্যক্তিগত সম্পর্কের টানাপোড়েন এবং অর্থ লেনদেনসংক্রান্ত বিরোধের জের ধরে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে মামলার তদন্ত এখনও চলমান রয়েছে এবং ঘটনার সব দিক গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।
পিবিআই আরও জানায়, আধুনিক প্রযুক্তিনির্ভর তদন্ত ও দ্রুত পদক্ষেপের মাধ্যমে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং অভিযুক্তকে আইনের আওতায় আনা সম্ভব হয়েছে।

