কেরানীগঞ্জের হযরতপুরে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৪ জন আটক

অপরাধ কেরানীগঞ্জ সারাদেশ হযরতপুর

রিপোর্টঃ আল ইমরান রাফি
ঢাকার কেরানীগঞ্জে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রশস্ত্রসহ ৪ জনকে আটক করেছে কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে আরও কয়েকজন পালিয়ে যায় বলে জানিয়েছে পুলিশ।

রোববার (২৩ আগস্ট) রাত ২টা ১৫ মিনিটের দিকে কেরানীগঞ্জ মডেল থানাধীন কলাতিয়া পুলিশ ফাঁড়ির বিশেষ অভিযানে হযরতপুরের বৌনাকান্দি এলাকায় গ্রামীণফোন টাওয়ারের নিচ থেকে তাদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, ১ শামীম ওরফে মোজাম ডাকাত (২৮), মোতালেবের ছেলে, বড় কাছনা, গোসাইরহাট, শরীয়তপুর, ২ শান্ত ওরফে সুমন ডাকাত (২৬), মৃত রজব আলীর ছেলে, খোলামোরা, কেরানীগঞ্জ,৩ মেক্তার হোসেন (২৭), মৃত সোলেমানের ছেলে, আব্দুল হাকিম, উলিপুর, কুড়িগ্রাম ৪ শহিদুল ইসলাম (২২), আব্দুল মেতালেবের ছেলে, বড় কাছনা, গোসাইরহাট, শরীয়তপুর।

পুলিশ জানায়, কলাতিয়া পুলিশ ফাঁড়ির ইনচার্জের নেতৃত্বে এসআই মাসুদ, এএসআই মাহাবুবসহ সঙ্গীয় ফোর্স গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে, বৌনাকান্দি গ্রামীণফোন টাওয়ারের নিচে ১২ থেকে ১৩ জনের একটি ডাকাতদল ডাকাতির প্রস্তুতি নিচ্ছে। পরে দ্রুত ঘটনাস্থলে গিয়ে পুলিশ সদস্যরা এলাকা ঘেরাও করলে পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা পালানোর চেষ্টা করে। এ সময় চারজনকে আটক করা হয়। বাকিরা পালিয়ে যায়।

এ বিষয়ে কেরানীগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জামিলুল হক জানায়,প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা ডাকাতির উদ্দেশ্যে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সেখানে সমবেত হওয়ার কথা স্বীকার করেছে। আটকৃত শামীম ওরফে মোজাম ডাকাতের বিরুদ্ধে বিভিন্ন থানায় ছিনতাই ও ডাকাতিসহ ১০টি মামলা রয়েছে।
এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।