নেত্রকোনায় কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও হুমকি-সংবলিত চিরকুট রেখে নেত্রকোনা সরকারি কলেজ ছাত্রদলের সভাপতি মো. আমিরুল ইসলামকে হত্যার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।
আগামী ১৬ ডিসেম্বরের মধ্যে তাঁকে হত্যার হুমকি দেওয়া হয়েছে বলে দাবি করেছেন তিনি।
রোববার (২৯ নভেম্বর) ভোররাতে শহরের সাতপাই এলাকায় আমিরুল ইসলামের ব্যক্তিগত ব্যবসাপ্রতিষ্ঠানের সামনে এসব সামগ্রী রেখে যায় দুর্বৃত্তরা।
সকালে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজল ও একটি চিরকুট দেখতে পান আমিরুল ইসলাম। তাঁর দাবি, চিরকুটে শহরের মোক্তারপাড়া এলাকায় জুলাই চত্বরের সামনে তাঁকে ধরে নিয়ে গুলি করে হত্যার হুমকি দেওয়া হয়েছে।
আমিরুল ইসলাম বলেন, চিরকুটে ‘সর্বহারা গ্রুপ’ ও ‘জয় বাংলা’ লেখা রয়েছে। এ ঘটনার সঙ্গে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীরা জড়িত থাকতে পারেন বলে সন্দেহ প্রকাশ করেন তিনি।
এদিকে, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠায় নেত্রকোনা মডেল থানা। এ বিষয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল খায়ের বলেন, ঘটনাটি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

