গাজীপুরে স্টার্ট দিতেই প্রাইভেটকারে আ’গুন, পুড়ল পেছনের অংশ

দুর্ঘটনা সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে হাই-টেক পার্কের সামনে দাঁড়িয়ে থাকা একটি প্রাইভেটকারে আগুন লাগার ঘটনা ঘটেছে। গাড়িটি চালু করার চেষ্টা করতেই হঠাৎ আগুন ধরে যায়। এতে গাড়িটির পেছনের অংশ পুড়ে গেছে।

রোববার (২৯ নভেম্বর) সকাল ৭টার দিকে উপজেলার হাই-টেক সিটির দ্বিতীয় গেটসংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কালিয়াকৈর পৌরসভার মাকিষবাতান এলাকা থেকে ওয়ালটনের এক কর্মকর্তাকে কারখানায় নামিয়ে দিয়ে গাড়িটি হাই-টেক সিটির দ্বিতীয় গেটের সামনে পার্কিং করেন চালক। পরে সড়কের বিপরীত পাশের একটি দোকানে চা পান শেষে গাড়ির কাছে ফিরে সেটি চালু করার চেষ্টা করেন তিনি। এ সময় হঠাৎ গাড়ির পেছনের অংশে আগুন জ্বলে ওঠে।

খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনেন। তবে এর আগেই গাড়িটির পেছনের অংশ পুড়ে যায়।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহীদুল ইসলাম জানান, গ্যাসের পাইপলাইনে লিকেজ অথবা গাড়ির বৈদ্যুতিক ওয়্যারিং থেকে আগুনের সূত্রপাত হতে পারে। তবে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করা হচ্ছে।