এইচএসসির ফল পুনর্নিরীক্ষণের আবেদন শুরু,

শিক্ষা সারাদেশ

এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফল প্রকাশের পর প্রত্যাশিত ফল না পাওয়া শিক্ষার্থীদের জন্য শুরু হয়েছে ফল পুনর্নিরীক্ষণের আবেদন। প্রকাশিত ফলাফলে প্রায় ছয় লাখ শিক্ষার্থী অকৃতকার্য হয়েছেন।

এ ছাড়া অনেক শিক্ষার্থী প্রত্যাশা অনুযায়ী ফল না পাওয়ায় ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে আগ্রহী হতে পারেন।

বাংলাদেশ আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি জানিয়েছে, রোববার থেকে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করা যাবে। আবেদন গ্রহণ চলবে আগামী ৭ নভেম্বর পর্যন্ত। আগ্রহী শিক্ষার্থীদের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে হবে। কোনো ধরনের ম্যানুয়াল আবেদন গ্রহণ করা হবে না।

এইচএসসি ও সমমান পরীক্ষার ফল পুনর্নিরীক্ষণের জন্য শিক্ষার্থীদের অনলাইনে কয়েকটি ধাপ অনুসরণ করতে হবে। যেখানে আবেদন করবেন ঃ https://rescrutiny.eduboardresults.gov.bd/

আবেদনপ্রক্রিয়া নিচে তুলে ধরা হলো।

১. নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করুন প্রথমে ফল পুনর্নিরীক্ষণের জন্য নির্ধারিত ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখানে নির্ধারিত ঘরে পরীক্ষার রোল নম্বর ও রেজিস্ট্রেশন নম্বর দিতে হবে। এরপর ড্রপডাউন মেনু থেকে সংশ্লিষ্ট শিক্ষা বোর্ড নির্বাচন করে ‘সাবমিট’ বাটনে ক্লিক করতে হবে।

২. মোবাইল নম্বর প্রদান করুন পরবর্তী ধাপে শিক্ষার্থীর সচল মোবাইল নম্বর দিতে হবে। পুনর্নিরীক্ষণের ফল প্রকাশের পর এই নম্বরে এসএমএসের মাধ্যমে ফল জানানো হবে।

৩. পুনর্নিরীক্ষণের বিষয় নির্বাচন করুন এরপর স্ক্রিনে শিক্ষার্থীর বিষয়ভিত্তিক ফলাফল দেখা যাবে। যেসব বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চান, সেগুলো নির্বাচন করতে হবে। এক বা একাধিক বিষয় নির্বাচন করে ‘ফি প্রদান করুন’ বাটনে ক্লিক করতে হবে।

৪. আবেদন ফি পরিশোধ করুন প্রতিটি পত্রের জন্য আবেদন ফি নির্ধারণ করা হয়েছে ১৫০ টাকা। দ্বিপত্রবিশিষ্ট কোনো বিষয়ের ফল পুনর্নিরীক্ষণ করতে চাইলে উভয় পত্রের জন্য আবেদন করতে হবে।

আবেদন ফি পরিশোধ করা যাবে নিচের মোবাইল ব্যাংকিং ও আর্থিক সেবার মাধ্যমে: বিকাশ (bKash), নগদ (Nagad), ডাচ্‌-বাংলা ব্যাংক রকেট (DBBL Rocket), উপায় (upay), সোনালী সেবা।

পরবর্তী ধাপে মোট প্রদেয় ফির পরিমাণ দেখা যাবে। পেমেন্ট সম্পন্ন করার বিস্তারিত নির্দেশনা সংশ্লিষ্ট পোর্টালের ‘পে’ বাটনে ক্লিক করে জানা যাবে।

৫. আবেদন জমা দিন ফি পরিশোধের পর পুনরায় আবেদন পোর্টালে প্রবেশ করে ‘জমা দিন’ বাটনে ক্লিক করতে হবে। তাহলেই আবেদন জমা দেওয়ার প্রক্রিয়া সম্পন্ন হবে।

একবার ফি পরিশোধ করে আবেদন জমা দেওয়ার পর নতুন কোনো বিষয় যুক্ত করতে চাইলে একই পদ্ধতিতে আবেদন করা যাবে। তবে নতুন করে মোবাইল নম্বর দেওয়ার প্রয়োজন হবে না।

ফি পরিশোধের আগে নির্বাচিত বিষয় পরিবর্তন বা সংশোধন করার সুযোগ রয়েছে। এ জন্য ‘মুছে ফেলুন’ বাটনে ক্লিক করে যেসব বিষয়ের ফি এখনো পরিশোধ করা হয়নি, সেগুলো আবেদন থেকে প্রত্যাহার করা যাবে। এরপর প্রয়োজন অনুযায়ী নতুন বিষয় নির্বাচন করা যাবে।

তবে একবার কোনো বিষয়ের জন্য আবেদন ফি জমা দেওয়া হলে সেটি আর বাতিল করা যাবে না। এ ছাড়া পরিশোধ করা আবেদন ফি কোনো অবস্থাতেই ফেরত দেওয়া হবে না।

যেসব শিক্ষার্থী এইচএসসি ও সমমান পরীক্ষার ফলাফলে সন্তুষ্ট নন, তাঁরা নির্ধারিত সময়ের মধ্যে অনলাইনে ফল পুনর্নিরীক্ষণের আবেদন করতে পারবেন। আবেদন জমা দেওয়ার আগে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর, বোর্ডের নাম এবং নির্বাচিত বিষয়গুলো ভালোভাবে যাচাই করে নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।