রাজধানী ঢাকার সার্বিক নিরাপত্তা নিশ্চিত করতে বিশেষ নিরাপত্তাব্যবস্থা জোরদার করেছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)।
নগরীর গুরুত্বপূর্ণ পয়েন্টগুলোতে বাড়ানো হয়েছে পুলিশি টহল ও নজরদারি। পাশাপাশি চেকপোস্ট, পিকেট ডিউটি, ফুট পেট্রোল ও মোবাইল পেট্রোল কার্যক্রম জোরদার করা হয়েছে। সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের গ্রেপ্তারে চলছে ব্লক রেইড ও চিরুনি অভিযান।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) দুপুর ১২টার দিকে রাজধানীর মিন্টো রোডে নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (এডিসি) নিয়াজ মেহেদী।
তিনি জানান, রাজধানীতে পুলিশের দৃশ্যমান উপস্থিতি আগের তুলনায় উল্লেখযোগ্যভাবে বাড়ানো হয়েছে। নগরীর বিভিন্ন গুরুত্বপূর্ণ এলাকায় নিরাপত্তা নিশ্চিত করতে চেকপোস্ট ও পিকেট ডিউটির পাশাপাশি ফুট পেট্রোল এবং মোবাইল পেট্রোল কার্যক্রমও বৃদ্ধি করা হয়েছে।
নিয়াজ মেহেদী বলেন, সন্ত্রাসী ও নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িতদের বিরুদ্ধে নিয়মিত ব্লক রেইড ও চিরুনি অভিযান পরিচালনা করা হচ্ছে। ঢাকার বাইরে থেকে নাশকতামূলক কর্মকাণ্ডে জড়িত হয়ে যারা রাজধানীতে এসে আত্মগোপন করেছে, তাদেরও নজরদারির আওতায় রাখা হয়েছে। শনাক্ত করার পর তাদের গ্রেপ্তার করে আইনের আওতায় আনতে কাজ করছে পুলিশ।
ডিএমপির এই কর্মকর্তা আরও জানান, গত ২৪ ঘণ্টায় মহানগর পুলিশের বিভিন্ন অভিযানে কার্যক্রম নিষিদ্ধ সংগঠনের ১০৭ জন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। এ ছাড়া বিভিন্ন অপরাধে জড়িত থাকার অভিযোগে আরও ৫০৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। সব মিলিয়ে গত এক দিনে রাজধানীতে মোট ৬১৪ জনকে গ্রেপ্তার করেছে ডিএমপি।
রাজধানীর সার্বিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আশ্বস্ত করে নিয়াজ মেহেদী বলেন, ঢাকা যথেষ্ট নিরাপদ রয়েছে। নগরবাসী যেন নির্বিঘ্নে স্বাভাবিক জীবনযাপন করতে পারেন এবং দৈনন্দিন কাজকর্ম ও দায়িত্ব পালন করতে পারেন, তা নিশ্চিত করতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে পুলিশ।
এদিকে রাজধানীর গুরুত্বপূর্ণ এলাকাগুলোতে পুলিশের বাড়তি উপস্থিতি ও নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে ডিএমপি।

