কালিয়াকৈরে পেট্রল বোমা ও ককটেলসহ গ্রেফতার ৫

অপরাধ আইন ও আদালত সারাদেশ

গাজীপুরের কালিয়াকৈরে পুলিশের বিশেষ অভিযানে পাঁচটি পেট্রল বোমা ও পাঁচটি ককটেলসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে পুলিশ।

পুলিশ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাতে উপজেলার সফিপুর এলাকায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের ইবনে সিনা কারখানার সামনে নাশকতার চেষ্টাকালে বিপ্লব ও মান্নান নামে দুজনকে গ্রেফতার করা হয়।

পরে গ্রেফতারকৃতদের দেওয়া তথ্যের ভিত্তিতে পূর্ব চান্দরা এলাকায় কালিয়াকৈর পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডে অভিযান চালায় পুলিশ। এ সময় ইফতি, আশিক হোসেন ও হাসেম সিকদার নামে আরও তিনজনকে গ্রেফতার করা হয়।

অভিযানে তাদের কাছ থেকে পাঁচটি পেট্রল বোমা ও পাঁচটি ককটেল উদ্ধার করা হয়। এছাড়া ঘটনাস্থল থেকে নিক্ষেপ করা পেট্রল বোমার ভাঙা কাচের টুকরাও উদ্ধার করেছে পুলিশ।

এ ঘটনায় গ্রেফতার পাঁচজনের বিরুদ্ধে বিস্ফোরক দ্রব্য ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে। বুধবার তাদের আদালতে পাঠিয়ে ১০ দিনের রিমান্ড আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।

কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম জানান, মঙ্গলবার রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে পেট্রল বোমা ও ককটেলসহ পাঁচজনকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিস্ফোরক ও সন্ত্রাসবিরোধী আইনে মামলা হয়েছে। ১০ দিনের রিমান্ড চেয়ে তাদের আদালতে পাঠানো হবে।