জিয়াউল আহসানের বাড়ির নাম বদলে ‘খুনির বাড়ি’ লিখলেন বিক্ষুব্ধরা

অপরাধ সারাদেশ

বরিশাল নগরীতে মানবতাবিরোধী অপরাধে বিচারাধীন সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল (বরখাস্ত) জিয়াউল আহসানের বাড়ির নাম পরিবর্তন করে ‘খুনির বাড়ি’ লিখেছেন বিক্ষুব্ধ ছাত্র-জনতা। এ সময় বাড়ির সামনে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের তালিকা সংবলিত ব্যানারও টাঙানো হয়।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বরিশাল নগরীতে জিয়াউল আহসানের বাড়ির সামনে এ কর্মসূচি পালন করেন বিক্ষুব্ধরা।

কর্মসূচি চলাকালে বাড়ির সামনে উপস্থিত হয়ে সন্তানদের ফিরে পাওয়ার আকুতি জানিয়ে কান্নায় ভেঙে পড়েন গুমের শিকার দুই সহোদর ফিরোজ খান কালু ও মিরাজ খানের মা ফিরোজা বেগম।

তিনি জানান, দুই সন্তানকে তুলে নেওয়ার পর থেকে তাদের আর কোনো সন্ধান পাননি। দীর্ঘদিন ধরে সন্তানদের ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছেন তিনি। সন্তানদের কী অপরাধ ছিল এবং কেন তাদের নিখোঁজ করা হয়েছে, সেই প্রশ্নের জবাব চান তিনি। পাশাপাশি সন্তানদের সন্ধান ও ঘটনার সুষ্ঠু বিচার দাবি করেন এই মা।

এ সময় বিক্ষুব্ধ ছাত্র-জনতার প্রতিনিধি নাঈম বলেন, জিয়াউল আহসানের বিরুদ্ধে অসংখ্য মানুষকে গুম ও হত্যার অভিযোগ রয়েছে। এসব অপরাধের সুষ্ঠু বিচার নিশ্চিত করতে হবে। বরিশালের ছাত্র-জনতার দাবি, তার সর্বোচ্চ শাস্তি কার্যকর করতে হবে।

কর্মসূচির একপর্যায়ে জিয়াউল আহসানের ফাঁসির দাবিতে স্লোগান দেন বিক্ষুব্ধরা। পরে বাড়ির গেটে ‘খুনির বাড়ি’ এবং ‘খুনি জিয়াউল আহসানের বাড়ি’ লেখা নামফলক লাগানো হয়। কালি দিয়ে মুছে দেওয়া হয় বাড়িটির আগের নাম ‘তাসফিয়া মঞ্জিল’। এ ছাড়া বাড়ির সামনে গুম ও হত্যার শিকার ব্যক্তিদের তালিকা সংবলিত একটি ব্যানার টাঙানো হয়।

জিয়াউল আহসানের বিরুদ্ধে যেসব অভিযোগ

প্রসিকিউশনের যুক্তিতর্কে বলা হয়েছে, জিয়াউল আহসানের বিরুদ্ধে ১১৫ জনকে হত্যার তথ্য পাওয়া গেছে। অন্যদিকে সাক্ষীদের বক্তব্যে নিহতের সংখ্যা ১৫০ থেকে ২০০ পর্যন্ত উঠে এসেছে। সাবেক সেনাপ্রধান জেনারেল (অব.) ইকবাল করিম ভূঁইয়া আদালতে দেওয়া জবানবন্দিতে তাকে ‘সিরিয়াল কিলার’ হিসেবে অভিহিত করেছেন বলে জানিয়েছে রাষ্ট্রপক্ষ।

রাষ্ট্রপক্ষের অভিযোগ, র‌্যাবের গোয়েন্দা বিভাগের পরিচালক ও অতিরিক্ত মহাপরিচালক হিসেবে দায়িত্ব পালনকালে বিভিন্ন গুম ও হত্যার ঘটনায় জিয়াউল আহসানের সংশ্লিষ্টতা ছিল। বিরোধী মতাবলম্বীদের গোপন স্থানে আটকে রেখে নির্যাতন এবং পরে গাজীপুরের নির্জন সড়ক, বরগুনার বলেশ্বর নদী ও সুন্দরবন এলাকায় নিয়ে হত্যার অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

প্রসিকিউশনের ভাষ্য অনুযায়ী, হত্যার পর মরদেহ গুম করতে পেটে আঘাত করে নাড়িভুঁড়ি বের করে সিমেন্টের বস্তা বেঁধে নদী বা খালে ফেলে দেওয়া হতো। রাষ্ট্রপক্ষের আইনজীবীরা আদালতে এসব ঘটনার বিবরণ তুলে ধরেছেন।

২০২৪ সালের ৬ আগস্ট জিয়াউল আহসানকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়। পরে তাকে গ্রেপ্তার করা হয়। বর্তমানে তিনি কারাগারে রয়েছেন। তার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ মানবতাবিরোধী অপরাধের মামলার বিচার চলছে।