পুলিশের ভেতরে নজরদারি, আটক আরও দুই কর্মকর্তা

আইন ও আদালত সারাদেশ

পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের আটকের ঘটনায় নতুন করে চাঞ্চল্য তৈরি হয়েছে। অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানের পর এবার বাহিনীর আরও দুই কর্মকর্তাকে আটক করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

তারা হলেন পুলিশ সুপার পদমর্যাদার কর্মকর্তা মো. আবুল কালাম আজাদ ও অতিরিক্ত পুলিশ সুপার মো. রাকিবুল হাসান।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) একাধিক দায়িত্বশীল সূত্র তাদের আটকের বিষয়টি নিশ্চিত করেছে।

সূত্র জানায়, ২৫তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা আবুল কালাম আজাদ বর্তমানে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনে (পিবিআই) কর্মরত। তাকে গাজীপুর থেকে আটক করা হয়েছে। অন্যদিকে, ৩৩তম বিসিএসের কর্মকর্তা রাকিবুল হাসানকে নোয়াখালী ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার থেকে আটক করা হয়।

আবুল কালাম আজাদের বাড়ি ঝালকাঠি সদর উপজেলায়। রাকিবুল হাসানের বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলায়। তবে কী অভিযোগে তাদের আটক করা হয়েছে, সে বিষয়ে এখনো বিস্তারিত জানা যায়নি।

এর আগে গত সোমবার গোপালগঞ্জে সাম্প্রতিক নাশকতার ঘটনায় সংশ্লিষ্টতার অভিযোগে অতিরিক্ত পুলিশ সুপার আবুল হাসানকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তিনি ৩৪তম বিসিএস (পুলিশ) ব্যাচের কর্মকর্তা এবং স্পেশাল রেসপন্স ব্যাটালিয়নের (এসআরবি-১৪) ভৈরব কোম্পানির কমান্ডার হিসেবে দায়িত্ব পালন করছিলেন। তার বাড়ি গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার গোবিন্দপুর এলাকায়।

সম্প্রতি মুকসুদপুর থানায় অগ্নিসংযোগের ঘটনার পর সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনায় আসেন আবুল হাসান। থানায় আগুন দেওয়ার পরিকল্পনায় তার সম্পৃক্ততার অভিযোগ ওঠে বিভিন্ন পোস্টে। তবে এসব অভিযোগের বিষয়ে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

পুলিশের অভ্যন্তরে নজরদারি বাড়ানো হয়েছে

ভারতে অবস্থানরত ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণা এবং কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচিকে ঘিরে নাশকতার আশঙ্কায় নিরাপত্তা জোরদার করেছে পুলিশ। পাশাপাশি বাহিনীর অভ্যন্তরেও নজরদারি বাড়ানো হয়েছে।

পুলিশের উচ্চপর্যায়ের একাধিক সূত্রের দাবি, বাহিনীর অভ্যন্তরীণ তথ্য ফাঁস এবং সাম্প্রতিক নাশকতার ঘটনায় যোগসাজশের অভিযোগে কয়েকজন কর্মকর্তার নাম সামনে এসেছে। এসব অভিযোগের ভিত্তিতে বিভিন্ন ইউনিটে কর্মরত কর্মকর্তাদের ওপর নজরদারি করা হচ্ছে।

সংশ্লিষ্ট সূত্রগুলো আরও জানিয়েছে, বিভিন্ন ইউনিটে নতুন নেতৃত্ব এনে মাঠপর্যায়ে পুলিশ বাহিনীকে নতুনভাবে সাজানোর প্রক্রিয়াও চলছে।

বুধবার (২৫ নভেম্বর) সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সংবাদ সম্মেলনে পুলিশ বাহিনীর অভ্যন্তরে নজরদারির বিষয়টি তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেন, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কিছু কর্মকর্তা ‘ফ্যাসিস্ট শক্তির’ সঙ্গে যুক্ত রয়েছেন এবং ষড়যন্ত্রে লিপ্ত। সরকার তাদের কঠোর নজরদারিতে রেখেছে। কয়েকজনের বিরুদ্ধে ব্যবস্থাও নেওয়া হচ্ছে।

তথ্য পাচারের অভিযোগে আগে গ্রেপ্তার জাহাঙ্গীর আলম

পুলিশ বাহিনীর ভেতর থেকে গুরুত্বপূর্ণ তথ্য পাচারের অভিযোগেও কয়েকজন কর্মকর্তার ওপর নজরদারি চলছে বলে সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে। এসব অভিযোগে এখন পর্যন্ত দুজন কর্মকর্তাকে গ্রেপ্তার এবং আরও একজনকে হেফাজতে নেওয়া হয়েছে বলে সূত্রের দাবি।

এ ঘটনায় প্রথম গ্রেপ্তার হন চট্টগ্রাম রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) পুলিশ সুপার মোহাম্মদ জাহাঙ্গীর আলম। গত ১৪ নভেম্বর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। পরে রাষ্ট্রদ্রোহের অভিযোগে চট্টগ্রামের পাঁচলাইশ থানায় তার বিরুদ্ধে মামলা করা হয়।

মামলার এজাহারে বলা হয়েছে, ব্যক্তিগত ও সরকারি মোবাইল ফোন ব্যবহার করে জাহাঙ্গীর আলম কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাদের সঙ্গে যোগাযোগ রাখতেন। পাশাপাশি পুলিশের অভ্যন্তরীণ গুরুত্বপূর্ণ তথ্য দলটির নেতাদের কাছে সরবরাহ করার অভিযোগও আনা হয়েছে তার বিরুদ্ধে।