রাজধানীর মতিঝিল থেকে খুলনা মহানগর যুবলীগের সাবেক সহসভাপতি কাজী তালাত হোসেন কাহুটকে গ্রেপ্তার করেছে পুলিশ। তিনি খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর।
শনিবার (২১ নভেম্বর) রাত ১২টার দিকে মতিঝিল থানার অধীন এজিবি কলোনির হাসপাতাল এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মতিঝিল থানা পুলিশ এ অভিযান পরিচালনা করে।
স্থানীয় সূত্রে জানা গেছে, শনিবার রাত ১১টার দিকে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মী কাজী তালাত হোসেন কাহুটকে আটক করেন। এ সময় তাঁকে মারধর করা হয় বলেও অভিযোগ পাওয়া গেছে। পরে তাঁকে মতিঝিল থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
পুলিশ তাঁকে থানায় নিয়ে যাওয়ার পর গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে।
পুলিশের তথ্য অনুযায়ী, কাজী তালাত হোসেন কাহুটের বাড়ি খুলনার খালিশপুর হাউজিং এস্টেটের নয়াবাটি এলাকায়। তিনি খুলনা মহানগর যুবলীগের সাবেক সহসভাপতি ছিলেন। পাশাপাশি খুলনা সিটি করপোরেশনের ১০ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর হিসেবেও দায়িত্ব পালন করেছেন।
এ বিষয়ে মতিঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুজ্জামান তালুকদার বলেন, গ্রেপ্তারের পর তাঁর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

