গাজীপুরের সালনায় পোশাকশ্রমিকদের আন্দোলনকে কেন্দ্র করে হামলায় আহত বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ৯ সদস্যকে দেখতে হাসপাতালে গেছেন বাহিনীর মহাপরিচালক মেজর জেনারেল আবদুল মোতালেব সাজ্জাদ মাহমুদ।
শনিবার (২৮ নভেম্বর) আনসার-ভিডিপি হাসপাতালে গিয়ে আহত সদস্যদের শারীরিক অবস্থার খোঁজখবর নেন তিনি। এ সময় আহতদের সঙ্গে কথা বলার পাশাপাশি তাদের চিকিৎসার বিষয়ে চিকিৎসক ও হাসপাতাল কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করেন। আহতদের যথাযথ চিকিৎসা নিশ্চিত করতে প্রয়োজনীয় নির্দেশনাও দেন মহাপরিচালক।
আহতদের মধ্যে তিনজন কর্মকর্তা এবং ছয়জন আনসার ব্যাটালিয়নের সদস্য রয়েছেন। তারা হলেন সার্কেল অ্যাডজুট্যান্ট সুকুমার, রনি ও আরাফাত, হাবিলদার শুকুর মাহমুদ, নায়েক আবদুর রহিম ও শাহাদাৎ হোসেন, ল্যান্স নায়েক আবদুল হান্নান এবং সিপাহি মহসিন ও মাসুম শেখ।
আনসার বাহিনী সূত্রে জানা গেছে, গত ২৫ নভেম্বর গাজীপুরের সালনা এলাকায় পোশাকশ্রমিকদের আন্দোলন ও সড়ক অবরোধের সময় দায়িত্ব পালন করছিলেন আনসার ও পুলিশ সদস্যরা। এ সময় তাদের ওপর হামলা চালানো হলে আনসার বাহিনীর ৯ সদস্য আহত হন। পরে তাদের উদ্ধার করে আনসার-ভিডিপি হাসপাতালে ভর্তি করা হয়।
হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন মহাপরিচালক। তিনি জানান, সালনায় দায়িত্ব পালনরত আনসার ও পুলিশ সদস্যদের ওপর সহস্রাধিক ব্যক্তি পরিকল্পিতভাবে হামলা চালান। এ সময় দায়িত্বরত ম্যাজিস্ট্রেটকে নিরাপদ রাখতে আনসার সদস্যরা সামনে থেকে হামলার আঘাত সহ্য করেন। এমনকি একটি দোকানে আশ্রয় নেওয়ার পরও তাদের লক্ষ্য করে গরম পানি নিক্ষেপ করা হয়।
মহাপরিচালক বলেন, শ্রমিকদের জানমালের ক্ষয়ক্ষতি এড়াতে আনসার সদস্যরা যথেষ্ট ধৈর্য ও পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন। পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে বিজিবি, পুলিশসহ অন্যান্য বাহিনীর সদস্যদের পাঠানো হয়। একপর্যায়ে মহাসড়ক থেকে অবরোধ সরিয়ে যান চলাচল স্বাভাবিক করা হয়।
তিনি আরও জানান, হামলার ঘটনায় ইতোমধ্যে একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে মামলার প্রস্তুতি চলছে।
আহতদের চিকিৎসার বিষয়ে মহাপরিচালক চিকিৎসকদের সঙ্গেও কথা বলেন। বর্তমানে আহত নয়জনই আশঙ্কামুক্ত রয়েছেন। তারা চিকিৎসকদের পর্যবেক্ষণে আছেন বলে জানা গেছে।
আনসার বাহিনী সূত্রে আরও জানা গেছে, গাজীপুরের শিল্পকারখানা, জনজীবন ও মহাসড়কের নিরাপত্তা নিশ্চিত করতে বর্তমানে আনসার ব্যাটালিয়নের ১৯টি প্লাটুন দায়িত্ব পালন করছে।

