পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে কেরানীগঞ্জ বন্ধুসভার বন্ধুরা ৩৬ জন সুবিধাবঞ্চিত শিশু র মধ্যে ঈদের নতুন জামা বিতরণ ও তাদের সঙ্গে ইফতার করেছে।
আজ শনিবার বিকেলে কেরানীগঞ্জ মডেল থানাধীন জিনজিরা রহমতপুর এলাকায় একটি কমিউনিটি সেন্টারে শিশুদের মধ্যে ঈদের নতুন জামা বিতরণ করা হয়।
এসময় ঈদের নতুন জামা পেয়ে ভীষণ উচ্ছ্বসিত ১২ বছরের শিশু সামিয়া আক্তার বলে, ‘ঈদের নতুন জামাটি আমার পছন্দ হয়েছে। ঈদের দিন এ নতুন জামাটি পরে বন্ধুদের সাথে ঘুরতে যাব।’
আরেক শিশু মো. ফাহিম বলে, ঈদের জন্য বাবা এখনও নতুন জামা কিনে দেয়নি। এ নতুন জামা পেয়ে আমি অনেক খুশি। ঈদের দিন এ জামা পড়ে বন্ধুদের সাথে খেলতে যাব।
ঈদের নতুন জামা পাওয়া আট বছর বয়সী শিশুর মা খাদিজা বেগম বলেন, “আমার ছেলেকে নতুন জামা কিনে দিতে পারবো কিনা, সেটা নিয়েই চিন্তায় ছিলাম। সমাজে অনেক ধনী লোক আছে, তবে কেউ আমাদের সন্তানদের এভাবে নতুন জামা দেয়নি। যারা আমাদের সন্তানদের মুখে হাসি ফুটিয়েছে তাদের ধন্যবাদ জানাচ্ছি।
কেরানীগঞ্জ বন্ধুসভার সভাপতি তানজিমা নুসরাত বলেন, ‘সহমর্মিতার ঈদ’ কর্মসূচির অংশ হিসেবে আমরা ৩৬ জন সুবিধাবঞ্চিত শিশুদের চিহ্নিত করি। এরপর তাদের জন্যে নতুন জামা কিনে এনে বিতরণ করেছি। ঈদের নতুন জামা পেয়ে তারা অনেক খুশি হয়েছে। তিনি আরও বলেন, সমাজে অনেক দরিদ্র মানুষ রয়েছেন। যাঁরা খুবই কষ্টে জীবন চালাচ্ছে। যাদের পক্ষে সন্তানদের ঈদের নতুন জামা কিনে দেওয়া সম্ভব না। সমাজের বিত্তবানদের সেসব মানুষের পাশে দাঁড়ানো উচিত। যাতে ঈদে সব শিশুর মুখে হাসি ফোটে।
এ সময় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উপপরিচালক ইসমাইল হোসেন, বন্ধুসভা জাতীয় পরিচালনা পর্ষদের ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক সায়মন চৌধুরী, কেরানীগঞ্জ বন্ধুসভার উপদেষ্টা সালাউদ্দিন সোহেল, চিকিৎসক মামুন অর রশিদ, সহসভাপতি তাসনিম খান, নাজিউল্লাহ ভূঁইয়া, সাধারণ সম্পাদক সাজ্জাত হাসান, সাংগঠনিক সম্পাদক এনামুল হাসান, অর্থ সম্পাদক শাহানাজ শানু, দপ্তর সম্পাদক আনাস আহমেদ, মাহিমন কবীর সৈমন, উত্তম কুমার ও প্রত্যয় কেরানীগঞ্জ সংগঠনের প্রধান সমন্বয়ক মনির হোসেন প্রমুখ।
আরোও পড়ুনঃ কেরানীগঞ্জে টিসিবি খাবার বিক্রিতে বিএনপি নেতাদের বাধা

