আওয়ামী আমলের সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত হবে: চিফ প্রসিকিউটর

আইন ও আদালত রাজনীতি সারাদেশ

আওয়ামী লীগ সরকারের শাসনামলে সংঘটিত সব মানবতাবিরোধী অপরাধের তদন্ত করা হবে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম। এ বিষয়ে সহযোগিতা চেয়ে দেশের সব রাজনৈতিক দলকে চিঠি দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বুধবার (২৫ নভেম্বর) সকালে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন চিফ প্রসিকিউটর।

মো. আমিনুল ইসলাম বলেন, ৫ আগস্ট শেখ হাসিনার দেশত্যাগের বিষয়টি অন্যায়ের পর্যায়ে পড়ে কি না, তা খতিয়ে দেখা হবে। এ ছাড়া ৫ আগস্টের পর যারা বিভিন্ন স্থানে আশ্রয়-প্রশ্রয় দিয়েছেন কিংবা পালিয়ে যেতে সহযোগিতা করেছেন, তাদের প্রচলিত দণ্ডবিধিতে বিচারের সুযোগ রয়েছে।

জুলাই গণঅভ্যুত্থানে আহত ও নিহতদের পরিবারের পাশাপাশি রাজনৈতিক দলগুলোর প্রতি তদন্তকাজে সহযোগিতার আহ্বান জানান তিনি।

চিফ প্রসিকিউটর আরও বলেন, সরকারের সিদ্ধান্ত অনুযায়ী সারা দেশে তদন্ত কার্যক্রম শুরু করতে যাচ্ছে প্রসিকিউশন। আওয়ামী লীগ আমলে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের বিষয়গুলো পর্যায়ক্রমে তদন্তের আওতায় আনা হবে।

এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ, বিএনপি নেতা ইলিয়াস আলী ও সুমনের গুমের ঘটনায় তদন্ত দ্রুত শেষ হবে বলেও জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর মো. আমিনুল ইসলাম।