তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৩.৬ ডিগ্রি, বাড়ছে শীতের অনুভূতি

আবহাওয়া সারাদেশ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় দিন দিন বাড়ছে শীতের প্রকোপ। সকালে সূর্যের দেখা মিললেও উত্তরের হিমেল বাতাসে কমছে না শীতের অনুভূতি। বুধবার (২৫ নভেম্বর) সকালে তেঁতুলিয়ায় দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৩ দশমিক ৬ ডিগ্রি সেলসিয়াস।

বুধবার সকাল ৯টায় তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় এ তথ্য জানান।

তিনি জানান, বুধবার সকাল ৬টায় বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ ছিল ১০০ শতাংশ। রাত থেকে এলাকায় হালকা কুয়াশা থাকলেও সকালে সূর্যের দেখা মিলেছে। তবে উত্তরের হিমেল বাতাসের কারণে সকালেও শীতের অনুভূতি ছিল বেশি।

আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের তথ্য অনুযায়ী, মঙ্গলবার (২৪ নভেম্বর) তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস। ওই দিন দিনের সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয় ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। এক দিনের ব্যবধানে সর্বনিম্ন তাপমাত্রা আরও কমেছে।

এদিকে ভোরের হিমশীতল বাতাস উপেক্ষা করেই জীবিকার তাগিদে কাজে বের হচ্ছেন শ্রমজীবী ও দিনমজুররা। কয়েক দিন ধরে সন্ধ্যা নামার পর থেকেই এলাকায় শীতের অনুভূতি বাড়তে থাকে। রাতভর হিমেল বাতাস বয়ে যাওয়ায় ভোর ও সকালে ঠান্ডার তীব্রতা বেশি অনুভূত হচ্ছে।

স্থানীয়দের ভাষ্য, সকালে রোদের দেখা মিললেও বাতাসের ঠান্ডা কমছে না। তবে বেলা বাড়ার সঙ্গে সঙ্গে রোদের তেজ বাড়লে কিছুটা স্বস্তি ফিরে আসে। সন্ধ্যা নামলেই আবার বাড়তে শুরু করে শীতের অনুভূতি।