কেরানীগঞ্জে ছিনতাইকারীর ছুরিকাঘাতে যুবক নিহত, মোটরসাইকেল লুট

অপরাধ সারাদেশ

ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে ছিনতাইকারীদের ছুরিকাঘাতে তরিকুল ইসলাম পবন (২৭) নামে এক যুবক নিহত হয়েছেন। এ সময় দুর্বৃত্তরা তাঁর মোটরসাইকেল ছিনিয়ে নিয়ে পালিয়ে যায়।

বুধবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন দক্ষিণ কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল আলম। তিনি জানান, মঙ্গলবার রাত সাড়ে ১১টার দিকে তেঘরিয়া ইউনিয়নের আব্দুল্লাহপুর বাজার ব্রিজ এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত তরিকুল ইসলাম পবন ঢাকার শ্যামপুর থানার পোস্তগোলা কলিমুল্লাহ বাগ এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম মাসুদের ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার রাত ১১টার দিকে পবন মোটরসাইকেলযোগে আব্দুল্লাহপুর বাজার ব্রিজ এলাকা দিয়ে যাচ্ছিলেন। এ সময় তাঁর মোটরসাইকেলের পেছনে এক নারী যাত্রী ছিলেন। তবে ওই নারীর পরিচয় এখনো জানা যায়নি।

পথিমধ্যে একদল ছিনতাইকারী মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার উদ্দেশ্যে পবনের গতিরোধ করে। একপর্যায়ে তারা তাঁকে ছুরিকাঘাত করে সড়কে ফেলে দেয়। পরে ছিনতাইকারীরা মোটরসাইকেলটি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।

ঘটনার পর স্থানীয় লোকজন পুলিশকে খবর দেন। পরে পথচারীদের সহায়তায় গুরুতর আহত অবস্থায় পবনকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত সাড়ে ১২টার দিকে তাঁকে মৃত ঘোষণা করেন।

দক্ষিণ কেরানীগঞ্জ থানার ওসি সাইফুল আলম বলেন, “ঘটনাটি অত্যন্ত গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িত ছিনতাইকারীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান আছে।”