প্রতিবেদকঃ আল ইমরান রাফি
ঢাকার দক্ষিণ কেরানীগঞ্জে একটি পুরোনো ট্রাকে আগুন দেওয়া এবং দুটি ককটেল বিস্ফোরণের ঘটনায় সাবেক উপজেলা চেয়ারম্যান ও সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রীসহ ১১ জনের নাম উল্লেখ করে মামলা হয়েছে। মামলায় অজ্ঞাতনামা আরও ৫০ থেকে ৬০ জনকে আসামি করা হয়েছে।
১৯ সেপ্টেম্বর ২০২৬ তারিখে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় মামলাটি দায়ের করেন পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল হাসান। মামলাটি সন্ত্রাসবিরোধী আইনে করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
এজাহারে নাম উল্লেখ করা আসামিদের মধ্যে রয়েছেন সাবেক কেরানীগঞ্জ উপজেলা চেয়ারম্যান শাহিন আহমেদ (৫২), সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ (৫৫), দক্ষিণ কেরানীগঞ্জ থানা ছাত্রলীগের সাবেক সহসভাপতি আল হাসান তন্ময় (৩০), কোন্ডা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও বর্তমানে স্বেচ্ছাসেবক লীগের কর্মী হিসেবে উল্লেখ করা মো. রিফাত হোসেন শোভন (৩১), ছাত্রলীগের কর্মী হিসেবে উল্লেখ করা মো. ইশতিয়াক মুনাল রাহাত (২১), মো. জরিপ ওরফে কালা জরিপ (৩৫), রানা মোল্লা (৪৫), স্বপ্লিল হাসান, কাজল, মনির হোসেন, মো. ইয়ামিন (৪০) ও শাওন হোসেন (৩২)।
পুলিশের এজাহার সূত্রে জানা যায়, ১৯ সেপ্টেম্বর রাত পৌনে ১০টার দিকে দক্ষিণ কেরানীগঞ্জ থানার ইকুরিয়া পশ্চিমপাড়া মসজিদগামী রাস্তার প্রবেশমুখে ঢাকা-মাওয়া হাইওয়ের সার্ভিস লেনের পাশে একটি পুরোনো ট্রাকে আগুন দেওয়ার ঘটনা ঘটে। এতে এলাকায় আতঙ্কের সৃষ্টি হয় বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
এর প্রায় ১০ মিনিট পর রাত পৌনে ১১টার দিকে আবদুল্লাহপুর এলাকায় ঢাকা-মাওয়া হাইওয়ের ওভারপাসের নিচে মুন্সিগঞ্জগামী সার্ভিস লেনে দুটি ককটেল বিস্ফোরণের অভিযোগ করা হয়।
এজাহারে আরও বলা হয়েছে, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে পুলিশের উপস্থিতি টের পেয়ে জড়িতরা সেখান থেকে পালিয়ে যান। পরে তাদের গ্রেপ্তারে আশপাশের এলাকায় অভিযান চালায় পুলিশ।
মামলার এজাহারে অভিযোগ করা হয়েছে, আসামিরা পরস্পর যোগসাজশে জনমনে আতঙ্ক সৃষ্টি, সরকারি সম্পত্তির ক্ষতিসাধন এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির উদ্দেশ্যে এসব কর্মকাণ্ডে জড়িত ছিলেন।
এদিকে, ২০ সেপ্টেম্বর রাত আনুমানিক ৯টার দিকে কেরানীগঞ্জের আবদুল্লাহপুর সাউথ টাউন আবাসিক এলাকার সামনে থেকে কামরাঙ্গীরচর থানা যুব মহিলা লীগের সভাপতি পারুল বেগম ও কদমতলী থানা যুব মহিলা লীগের সভাপতি হাসিনা শেখকে আটক করেছে দক্ষিণ কেরানীগঞ্জ থানা পুলিশ। এ সময় তাদের সঙ্গে নূরজাহান নামে আরও এক নারী ছিলেন বলে পুলিশ জানিয়েছে।
দক্ষিণ কেরানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আজগর হোসেন বলেন, ট্রাকে আগুন ও ককটেল বিস্ফোরণের ঘটনায় মামলা হয়েছে। এ ঘটনায় অজ্ঞাতনামা আসামি হিসেবে তিনজন নারী ও একজন পুরুষকে আটক করা হয়েছে। আটক নারীরা ঢাকা মহানগরীর বিভিন্ন এলাকার যুব মহিলা লীগের সভাপতি পদধারী বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের দাবি, সাউথ টাউন এলাকার সামনে আগুন জ্বালিয়ে নাশকতার চেষ্টা করার সময় তাদের আটক করা হয়। এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে মামলা করা হয়েছে বলে জানান তিনি।

