ঢাকার কেরানীগঞ্জে ক্ষতিকর কেমিক্যাল দিয়ে ভেজাল ও নকল টিএসপি সার তৈরির অভিযোগে একটি অবৈধ কারখানায় অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) রাতে কেরানীগঞ্জ মডেল থানাধীন কালিন্দী ইউনিয়নের গদাবাগ বাঘবাড়ি এলাকায় এ অভিযান চালানো হয়।
অভিযানে অপরাধের সত্যতা পাওয়ায় কারখানার মালিক মো. জামাল হোসেনকে (৪৫) এক লাখ টাকা জরিমানা, অনাদায়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে প্রস্তুতকৃত বিপুল পরিমাণ ভেজাল সার ও কাঁচামাল জব্দ করা হয়েছে।
জেলা এনএসআই, ঢাকা কার্যালয়ের প্রাপ্ত তথ্যের ভিত্তিতে রাত ৮টা থেকে ১১টা পর্যন্ত এ অভিযান পরিচালিত হয়। এতে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেলের সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভুঁইয়া। এ সময় কেরানীগঞ্জ উপজেলা কৃষি কর্মকর্তা মহুয়া শারমিন মুনমুন, কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ ও র্যাব-১০-এর সদস্যরা উপস্থিত ছিলেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, গদারবাগ সোনার বাংলা হাউজিং এলাকার বাসিন্দা মো. চাঁদ আলী মন্ডলের ছেলে মো. জামাল হোসেন দীর্ঘদিন ধরে কোনো রকম অনুমোদন ও মান নিয়ন্ত্রণ ছাড়াই অস্বাস্থ্যকর পরিবেশে সার তৈরি করে আসছিলেন। ডলোমাইট চুন, সিরামিক মাটি, সিমেন্ট ও হাইড্রোক্লোরিক এসিডসহ বিভিন্ন রাসায়নিক কেমিক্যাল ব্যবহার করে টিএসপি সার তৈরি করতেন তিনি। পরবর্তীতে তা চট্টগ্রাম ও রাজশাহীসহ দেশের বিভিন্ন এলাকার কৃষক ও মৎস্য খামারীদের কাছে বিক্রি করতেন।
অভিযানকালে ঘটনাস্থল থেকে প্রায় ২৫০ বস্তা প্রস্তুতকৃত ভেজাল টিএসপি সার এবং সার তৈরির উপাদান হিসেবে সংরক্ষিত প্রায় ৩০০ বস্তা চুন, সিমেন্ট ও সিরামিক মাটি উদ্ধার করা হয়।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভুঁইয়া জানান, সার ব্যবস্থাপনা আইনের ১০ ধারায় কারখানা মালিককে ১ লাখ টাকা জরিমানা অনাদায়ে ৬ মাসের জেল এবং ২০ ধারায় কারখানার সমস্ত মালামাল জব্দসহ প্রতিষ্ঠানটি সিলগালা করা হয়েছে। কৃষিখাতে প্রতারণা রোধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

