কেরানীগঞ্জে পুলিশের পরিচালিত অভিযানে মাদকসহ আটক পাঁচজনকে মোবাইল কোর্টের মাধ্যমে বিভিন্ন মেয়াদে কারাদণ্ড ও অর্থদণ্ড দেওয়া হয়েছে।
পরে আটক ব্যক্তিদের সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকারের কাছে হস্তান্তর করা হলে তিনি ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ডাদেশ দেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন— বোরহানিবাগের তাফসির আহমেদ ও নজরুল ইসলাম। তাদের প্রত্যেকের কাছ থেকে এক পোটলা গাঁজা উদ্ধার হওয়ায় ২০ দিন করে কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া কলাতিয়া বাজারের মোহাম্মদ খাইরুল ও বউনাকান্দির মোহাম্মদ রাজিবের কাছ থেকে একটি করে ইয়াবা উদ্ধার হওয়ায় প্রত্যেককে ৩০ দিন করে কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়। বেলানা খাসকান্দির মো. জমসের আলীর কাছ থেকে এক পোটলা গাঁজা উদ্ধারের ঘটনায় তাকে ৩০ দিনের কারাদণ্ড ও ২০০ টাকা জরিমানা করা হয়েছে।

