চরমোনাই পীরের সেই বক্তব্যের ব্যাখ্যা দিল ইসলামী আন্দোলন

রাজনীতি সারাদেশ

সম্প্রতি ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করীমের একটি বক্তব্যের খণ্ডিত অংশ গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করা হচ্ছে বলে অভিযোগ করেছে দলটি।

এতে তাকে আওয়ামী লীগকে স্বাভাবিক রাজনৈতিক পরিসরে ফিরিয়ে আনার পক্ষের মানুষ হিসেবে উপস্থাপনের চেষ্টা হচ্ছে বলে দাবি করেছে ইসলামী আন্দোলন। এ পরিস্থিতিতে বক্তব্যের ব্যাখ্যা দিয়ে বিভ্রান্তিকর শিরোনাম ও ফটোকার্ড সংশোধনের আহ্বান জানিয়েছে দলটি।

শুক্রবার (২০ নভেম্বর) দলটির কেন্দ্রীয় সদস্য কেএম শরীয়াতুল্লাহ এক বিবৃতিতে এ আহ্বান জানান।

বিবৃতিতে বলা হয়, চরমোনাই পীরের সাম্প্রতিক একটি বক্তব্যের খণ্ডিত অংশ বিভিন্ন গণমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচার করে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। তার বক্তব্যের মূলভাব ও প্রেক্ষাপট বিবেচনা না করে এ ধরনের উপস্থাপনা করা হচ্ছে, যা কাম্য নয়।

বিবৃতিতে বলা হয়, চরমোনাই পীর তার বক্তব্যে আওয়ামী লীগের বর্তমান কর্মকাণ্ড, জ্বালাও-পোড়াও, সহিংসতা, অগ্নিসংযোগ ও প্রাণহানির তীব্র সমালোচনা করেছেন। এসব কর্মকাণ্ডে দেশ ও জনগণের অপূরণীয় ক্ষতি বন্ধে সুস্পষ্ট অবস্থানও জানিয়েছেন তিনি।

বিবৃতিতে বলা হয়, রাজনৈতিক কর্মকাণ্ড হতে হবে দেশের স্বার্থে ও মানুষের কল্যাণে। কোনো দল বা গোষ্ঠীর কর্মকাণ্ডে দেশ, জনগণ ও রাষ্ট্রীয় সম্পদের ক্ষতি হলে তা গ্রহণযোগ্য নয়। এ ধরনের পরিস্থিতি নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার পাশাপাশি প্রয়োজনে সংশ্লিষ্ট রাজনৈতিক পক্ষগুলোকে আলোচনায় বসে সংকট সমাধানের আহ্বান জানিয়েছেন তিনি।

দলটি আরও বলেছে, চরমোনাই পীরের বক্তব্যের উদ্দেশ্য কোনো ব্যক্তি বা দলের রাজনৈতিক স্বার্থ রক্ষা করা নয়; বরং দেশের অস্থিতিশীলতা, সহিংসতা ও ধ্বংসাত্মক কর্মকাণ্ড বন্ধ করে জনগণের জানমাল, রাষ্ট্রীয় সম্পদ ও জাতীয় স্বার্থ রক্ষা করা।

বিবৃতিতে বলা হয়, বক্তব্যের শেষাংশে চরমোনাই পীর স্পষ্ট করেছেন, কাজ হতে হবে ইসলাম ও দেশের স্বার্থে, কোনো ব্যক্তি বা দলীয় স্বার্থে নয়।

গণমাধ্যমের প্রতি আহ্বান জানিয়ে ইসলামী আন্দোলন বলেছে, সংবাদ পরিবেশনের ক্ষেত্রে বক্তব্যের পূর্ণাঙ্গ প্রেক্ষাপট ও মূলভাব বিবেচনায় নিতে হবে। বক্তব্যের কোনো অংশ বিচ্ছিন্নভাবে তুলে ধরে বিভ্রান্তিকর শিরোনাম বা ফটোকার্ড তৈরি করা উচিত নয়। ইতোমধ্যে প্রকাশিত বিভ্রান্তিকর শিরোনাম ও ফটোকার্ড সংশোধনেরও অনুরোধ জানিয়েছে দলটি।

একই সঙ্গে সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহারকারীদের যাচাই-বাছাই ছাড়া বক্তব্যের খণ্ডিত অংশ প্রচার, অপব্যাখ্যা কিংবা উদ্দেশ্যপ্রণোদিত প্রচারণা থেকে বিরত থাকার আহ্বান জানানো হয়েছে।

বিবৃতিতে আরও বলা হয়, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও কারও বক্তব্য বিকৃত করা কিংবা জনমনে বিভ্রান্তি ছড়ানো কাম্য নয়। দেশের স্থিতিশীলতা, জনগণের নিরাপত্তা ও জাতীয় স্বার্থ রক্ষায় ইসলামী আন্দোলন বাংলাদেশ দায়িত্বশীল ও গঠনমূলক ভূমিকা অব্যাহত রাখবে।a