এএফএ-র (AFA) বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিচ্ছেন লিওনেল মেসি!

আন্তর্জাতিক বিনোদন সারাদেশ

আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) এবং সংস্থাটির সভাপতি ক্লদিও তাপিয়ার বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেওয়ার কথা ভাবছেন লিওনেল মেসি। নিজের নাম, ছবি ও ব্যক্তিগত ভাবমূর্তি অনুমতি ছাড়া বাণিজ্যিক কাজে ব্যবহার বন্ধ করতে আইনি নোটিশ পাঠানোর প্রস্তুতি নিচ্ছেন আর্জেন্টাইন মহাতারকা। দেশটির সংবাদমাধ্যম ক্লারিনের এক অনুসন্ধানী প্রতিবেদনে এমন দাবি করা হয়েছে।

রোববার (১৫ নভেম্বর) প্রকাশিত ওই প্রতিবেদনে সাংবাদিক নিকোলাস উইনিয়াস্কি জানিয়েছেন, এএফএর বর্তমান নেতৃত্বের সঙ্গে মেসির ব্যক্তিগত ও বাণিজ্যিক সম্পর্কের অবনতি হয়েছে। বিশেষ করে সংস্থাটির সভাপতি ক্লদিও ‘চিকি’ তাপিয়ার সঙ্গে দূরত্ব তৈরি হয়েছে তার।

ক্লারিনের দাবি, মেসির ঘনিষ্ঠজন ও উপদেষ্টাদের সঙ্গে কথা বলে এসব তথ্য জানা গেছে। ইতোমধ্যে আইনজীবীদের মাধ্যমে একটি আনুষ্ঠানিক আইনি নোটিশের খসড়াও তৈরি করিয়েছেন তিনি। সেখানে অনুমতি ছাড়া তার নাম, ছবি, ভিডিও কিংবা পরিচিতিমূলক কোনো উপাদান ব্যবহার করে বাণিজ্যিক কার্যক্রম পরিচালনা না করার বিষয়ে (এএফএ)কে সতর্ক করা হতে পারে।

তবে নোটিশটি আনুষ্ঠানিকভাবে পাঠানো হয়েছে কি না, তা এখনো নিশ্চিত নয়।

মেসির অসন্তোষের অন্যতম কারণ হিসেবে উঠে এসেছে বিজ্ঞাপনে তার ছবি ব্যবহারের বিষয়টি। ক্লারিনের প্রতিবেদনে বলা হয়েছে, সর্বশেষ বিশ্বকাপের সময় এএফএর এক পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের আর্জেন্টিনায় উৎপাদিত বিয়ারের বিজ্ঞাপনে মেসির ছবি ব্যবহার করা হয়েছিল। অথচ যুক্তরাষ্ট্রের বিয়ার ব্র্যান্ড মাইকেলব আলট্রার সঙ্গে আগে থেকেই চুক্তিবদ্ধ তিনি।

২০২৩ সালের ডিসেম্বরে মাইকেলব আলট্রার বৈশ্বিক ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে মেসির নাম ঘোষণা করা হয়। এরপর থেকে প্রতিষ্ঠানটির বিভিন্ন প্রচারণায় অংশ নিয়েছেন আটবারের ব্যালন ডি’অরজয়ী এই ফুটবলার।

ক্লারিনের দাবি, এএফএর পৃষ্ঠপোষক প্রতিষ্ঠানের বিজ্ঞাপনে নিজের ছবি ব্যবহারের বিষয়টি আগে থেকে জানতেন না মেসি। এ ঘটনায় ব্যক্তিগত পৃষ্ঠপোষকদের কাছে তাকে ব্যাখ্যা দিতে হয়েছিল। বিষয়টি নিয়ে তার ঘনিষ্ঠ মহলেও অসন্তোষ তৈরি হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

এএফএর আর্থিক কার্যক্রম ঘিরে চলমান বিতর্কও মেসির সঙ্গে সংস্থাটির দূরত্ব বাড়ার আরেকটি কারণ বলে দাবি করেছে ক্লারিন। তাপিয়ার নেতৃত্বাধীন সংস্থার বিভিন্ন আর্থিক লেনদেন নিয়ে ওঠা অভিযোগের সঙ্গে নিজের নাম জড়াতে চান না মেসি। আন্তর্জাতিক স্পনসর ও ব্যবসায়িক অংশীদারদের কাছে নিজের ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখাও তার কাছে গুরুত্বপূর্ণ বলে প্রতিবেদনে বলা হয়েছে।

এদিকে মেসির বিদায়ী আন্তর্জাতিক ম্যাচের আয়োজন নিয়েও অসন্তোষ তৈরি হয়েছিল বলে দাবি সংবাদমাধ্যমটির। গত ৬ অক্টোবর বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচে জাতীয় দলের হয়ে শেষবার মাঠে নামেন মেসি। ম্যাচে ৩-০ গোলের জয় পায় আর্জেন্টিনা। একটি গোল করার পাশাপাশি সতীর্থদের আরও দুটি গোলেও অবদান রাখেন তিনি।

তবে মাঠের সাফল্যের বাইরে বিদায়ী আয়োজন নিয়ে সমালোচনা তৈরি হয়। আলোকসজ্জা, শব্দব্যবস্থা ও ড্রোন প্রদর্শনীতে নানা ত্রুটি দেখা যায়। এমনকি ড্রোনের মাধ্যমে তৈরি মেসির অবয়বে তাকে ডান পায়ে শট নিতে দেখা যায়, যা তার স্বাভাবিক ফুটবলশৈলীর সঙ্গে মেলে না। মেসি মূলত বাঁ পায়ের খেলোয়াড়।

অনুষ্ঠানের অব্যবস্থাপনা নিয়ে আয়োজক প্রতিষ্ঠান মার্কেটিং স্পোর্টস ও স্টেডিয়ামের মালিক রিভার প্লেটের মধ্যেও পাল্টাপাল্টি অভিযোগ ওঠে। শব্দ ও আলোকব্যবস্থার সমস্যার জন্য এক পক্ষ অন্য পক্ষকে দায়ী করে।

ক্লারিনের প্রতিবেদনে বলা হয়েছে, এসব ঘটনা এএফএ সভাপতি তাপিয়ার নেতৃত্বের প্রতি মেসির অসন্তোষ আরও বাড়িয়ে দিয়েছে। যদিও এ বিষয়ে মেসির পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো বক্তব্য পাওয়া যায়নি।

উল্লেখ্য, তাপিয়ার সভাপতিত্বকালেই আর্জেন্টিনা ২০২১ ও ২০২৪ সালের কোপা আমেরিকা এবং ২০২২ সালের ফিফা বিশ্বকাপ জেতে। সেই সাফল্যের অন্যতম প্রধান নায়ক ছিলেন মেসি। দীর্ঘদিনের সুসম্পর্কের পর এবার বাণিজ্যিক স্বার্থ ও ভাবমূর্তি রক্ষার প্রশ্নে তাদের সম্পর্ক আইনি জটিলতায় গড়ায় কি না, সেটিই এখন দেখার বিষয়।