বাংলাদেশ ছাত্র শিবির সভাপতি জাহিদুল ইসলাম বলেছেন, জুলাই স্পিরিটকে ধারণ করে যে সংস্কারগুলো গত এক বছরে হওয়ার কথা ছিলো, তা রাজনৈতিক দলগুলো বাস্তবায়নে ব্যর্থ হয়েছে। ফ্যাসিবাদের কাঠামো ভাঙার পরিবর্তে তারা ক্ষমতার লোভে সংস্কারের বিষয়টিকে উপেক্ষা করছে।
শনিবার (১৬ আগস্ট) সকালে রংপুর মহানগর ছাত্রশিবির আয়োজিত এসএসসি ও দাখিল সমমান পরীক্ষায় জিপিএ–৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
শিবির সভাপতি বলেন, গত ১৫ বছরে ফ্যাসিবাদের যে স্ট্রাকচার তৈরি হয়েছে, সেটাকে ভেঙে নতুন ফ্রেম দাড় করানোর কথা ছিলো। কিন্তু রাজনৈতিক দলগুলোর মধ্যে সেই আন্তরিকতার ঘাটতি আমরা দেখেছি। ৩৬ জুলাইয়ের আন্দোলনের যারা সংগঠিত করেছিলো, তাদের আশা-আকাঙ্ক্ষার অনেক কিছুই সংস্কার কমিশনে প্রতিফলিত হয়নি। স্থায়ী পরিবর্তন চাওয়ার বিষয়টি উপেক্ষিত হয়েছে।

