আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে রাজধানীসহ দেশের বিভিন্ন পশুর হাটে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে র্যাব। একই সঙ্গে কোরবানির পশু কেনাবেচায় বড় অঙ্কের নগদ অর্থ বহনের ঝুঁকি এড়াতে ব্যবসায়ী ও ক্রেতাদের ক্যাশলেস বা কার্ডভিত্তিক লেনদেন ব্যবহারের পরামর্শ দিয়েছে সংস্থাটি।
রোববার (২৪ মে) ঢাকার গাবতলী পশুর হাট পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে র্যাব মহাপরিচালক অতিরিক্ত আইজিপি মো. আহসান হাবীব পলাশ এ তথ্য জানান।
তিনি বলেন, ঈদুল আজহা ঘিরে রাজধানীসহ বিভিন্ন এলাকায় জনসমাগম তুলনামূলকভাবে কমে যায়, ফলে পশু ব্যবসায়ীদের লক্ষ্য করে ছিনতাইয়ের ঝুঁকি বেড়ে যায়। এ পরিস্থিতি বিবেচনায় নিয়ে র্যাব বিশেষ নিরাপত্তা পরিকল্পনা গ্রহণ করেছে।
র্যাব ডিজি জানান, পশুর হাট ও আশপাশের এলাকায় নিরাপত্তা চৌকি বৃদ্ধি করা হয়েছে। পাশাপাশি টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং ঝুঁকিপূর্ণ এলাকাগুলোতে চেকপোস্ট বসিয়ে নজরদারি চলছে। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তায় কন্ট্রোল রুম ও ওয়াচ টাওয়ারও স্থাপন করা হয়েছে।
তিনি আরও বলেন, কোরবানির পশুবাহী যানবাহনকে জোরপূর্বক নির্দিষ্ট হাটে নেওয়া হচ্ছে কি না, সে বিষয়েও র্যাব নজরদারি করছে। পাশাপাশি জাল টাকা প্রতিরোধে প্রয়োজনীয় সরঞ্জাম প্রস্তুত রাখা হয়েছে এবং জাল টাকা চক্রের বিরুদ্ধে অভিযান অব্যাহত রয়েছে।
র্যাব মহাপরিচালক জানান, ঈদ ও কোরবানিকে কেন্দ্র করে সামাজিক যোগাযোগমাধ্যমে গুজব বা বিভ্রান্তিকর তথ্য ছড়ালে সংশ্লিষ্টদের বিরুদ্ধে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।
এ সময় তিনি দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সন্ত্রাস, চাঁদাবাজি ও অন্যান্য অপরাধ দমনে র্যাবের নিয়মিত টহল ও গোয়েন্দা নজরদারি অব্যাহত থাকার কথাও জানান।
এর আগে র্যাব মহাপরিচালক গাবতলী আন্তঃজেলা বাস টার্মিনাল পরিদর্শন করেন এবং যাত্রী, বাস কাউন্টার কর্মী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে তাদের সমস্যার খোঁজ নেন। এ সময় র্যাবের ঊর্ধ্বতন কর্মকর্তারা এবং বাস মালিক-শ্রমিক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

